ডোপ টেস্টে পজিটিভ নাওয়াজ, তদন্তে পিসিবি

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিনোদনমূলক মাদক গ্রহণ করায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। স্পিন বোলিং অলরাউন্ডারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানানোর পর তদন্ত শুরু করেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিনোদনমূলক মাদক নিয়েছিলেন নাওয়াজ। প্রতিটি বিশ্বকাপের সময়ই ক্রিকেটারদের ডোপ টেস্ট করানো হয়। সেটার অংশ হিসেবে পাকিস্তানের ক্রিকেটারদেরও ডোপ টেস্ট করানো হয়েছে এবং নাওয়াজের ফলাফল পজিটিভ এসেছে।

গত বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন নাওয়াজ। ৩২ বছর বয়সী অলরাউন্ডার ১৫ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছিলেন। ডোপ টেস্ট নিয়ে পিসিবির একজন মুখপাত্র বলেন, ‌‘পিসিবিকে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পিসিবি তার কাছ শুরু করেছে। এই প্রক্রিয়ার ফল আজ আইসিসিকে জানানো হতে পারে।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের হয়ে খেলছেন নাওয়াজ। রাওয়ালপিন্ডিজের বিপক্ষে পাওয়া ৬ উইকেটের জয় পাওয়া ম্যাচে তিন ওভার বোলিং করলেও উইকেটের দেখা পাননি তিনি। এখনো পর্যন্ত ৮ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নাওয়াজকে নিয়ে এখন তদন্ত করছে পিসিবি।

অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে নাওয়াজকে। এমন পরিস্থিতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলতে যাওয়া হচ্ছে না তার। ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সারের হয়ে খেলার কথা ছিল তার। টুর্নামেন্টটি খেলার জন্য পিসিবি থেকে এনওসিও পেয়েছেন।

চলতি সপ্তাহে নাওয়াজকে দলে নেওয়ার বিষয়টি ঘোষণা দেওয়ার কথা ছিল সারের। তবে ডোপ টেস্টের ঘটনার পর পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডারের সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সারে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও কোন মন্তব্য করেনি।

আরো পড়ুন: