স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দিনের খেলার শুরু থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকে পিচ। বল কখনও অস্বাভাবিকভাবে নিচু হয়ে যাচ্ছিল, আবার পরের বলেই অতিরিক্ত বাউন্স করছিল।ত্রিনিদাদের পেসার সিলস সেদিন ছিলেন দারুণ ছন্দে। সেই ইনিংসে প্রতিপক্ষের পতন হওয়া সাতটি উইকেটই ছিলো সিলসের দখলে।
সিলসের একটি বল হুট করেই অতিরিক্ত বাউন্স করে গিয়ে আঘাত করে লিউয়ার্ডের ব্যাটার জেরেমিয়া লুইসের হেলমেটে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন লুইস। দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়া হয় এই ব্যাটারকে। পরীক্ষানিরীক্ষা শেষে হাসপাতালের ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করেন।
যদিও এরপরই পিচের আচরণ পরীক্ষা করতে আম্পায়াররা সাময়িক স্থগিত রাখেন খেলা। এরপর ম্যাচ রেফারি ও অন্যান্যদের সাথে আলোচনা করে খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কায় খেলা বন্ধ করে দেন তারা। সেই পিচে খেলোয়াড়দের জন্য খেলাটা আর নিরাপদ নয় এই মর্মে ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়।
এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, পিচের অবস্থা এতটাই বাজে ছিল যে তা সেদিনের মধ্যে ভালো অবস্থায় নিয়ে আসা সম্ভব ছিল না। এই পিচে খেলা চালিয়ে গেলে লুইসের মত অন্য খেলোয়াড়দেরও ঝুঁকির মধ্যে পড়তে হতো। তাই নিয়ম মেনে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। আপাতত এই ভেন্যুতে আপাতত আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না বলেও জানানো হয় বিবৃতিতে।