বাংলাদেশ সফর রোমাঞ্চকর হবে, বিশ্বাস লাথামের

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
টম লাথাম, ফাইল ফটো
টম লাথাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ সফরে অপেক্ষা করছে ভিন্ন এক বাস্তবতা। সময়ের দিক থেকে দুই দেশের আবহাওয়ায় যেমন পার্থক্য, তেমনি মাঠের খেলাতেও থাকছে আলাদা চ্যালেঞ্জ। সেখানে গ্রীষ্মের শেষভাগ, আর বাংলাদেশে গরমের শুরু, তাপমাত্রার এই পার্থক্য মানিয়ে নেয়াটাই প্রথম পরীক্ষা হতে পারে সফরকারীদের জন্য।

তবে আবহাওয়ার চেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে ক্রিকেটীয় দিক। বিশেষ করে স্পিন আক্রমণ নিয়ে চিন্তায় রয়েছে সফরকারী দল। বাংলাদেশের মাটিতে ঘূর্ণি বলের প্রভাব দীর্ঘদিনের, আর সেটিই হতে পারে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধা।

দল ছাড়ার আগে অধিনায়ক টম লাথাম বলেছেন, 'যে ধরনের দল দেখতে আমরা অভ্যস্ত, এই দলটি পরিষ্কারভাবেই একটু আলাদা…।'

আসলে ‘একটু’ নয়, এই দলটি অনেকটাই ভিন্ন রূপে গড়া। বিভিন্ন প্রতিযোগিতা, চোট, বিশ্রাম এবং ব্যক্তিগত কারণে শীর্ষ অনেক ক্রিকেটার অনুপস্থিত। ফলে তুলনামূলক কম অভিজ্ঞদের নিয়েই বাংলাদেশ সফরের দল সাজাতে হয়েছে তাদের।

লাথাম এই বাস্তবতাকে মেনে নিয়েই বলেছেন, 'আইপিএল, পিএসএলে অনেক ক্রিকেটার থাকায় কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাচ্ছে। যদিও এমন নয় যে এদের সবাই তরুণ, তবে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের অভিজ্ঞতা আমাদের পরিচিতদের চেয়ে কিছুটা কম। কিন্তু পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, প্রত্যেকেই কোনো না কোনো সময়ে নিউ জিল্যান্ডের হয়ে খেলেছে, সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে।'

তিনি আরও যোগ করেন, 'প্রত্যেকেরই কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকাটা এই সফরের জন্য আশার কথা। যত বেশি অভিজ্ঞতা তারা অর্জন করবে, ততই আমাদের দলের গভীরতা বাড়বে।'

বাংলাদেশের কন্ডিশন নিয়ে সতর্ক দৃষ্টিভঙ্গি রয়েছে তার, 'বাংলাদেশে যাওয়ার আগে আমরা জানি যে, স্পিন সেখানে একটি বিশাল ভূমিকা পালন করে।'

শেষ পর্যন্ত এই সফরকে সম্ভাবনার মঞ্চ হিসেবেই দেখছেন তিনি, 'রোমাঞ্চকর একটি সফর হবে এটি। অনেক সুযোগ থাকছে এখানে।'

আরো পড়ুন: