পাকিস্তান সিরিজের দলে আছেন তাসকিন, মুস্তাফিজ, নাহিদ ও শরিফুল। সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি শরিফুলের। তবে বাকিরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন দুই ম্যাচে। বিশেষ করে প্রথম ওয়ানডেতে নাহিদ একাই পাকিস্তানের ব্যাটিং আক্রমণ ধসিয়ে দিয়েছিলেন। একাই নিয়েছিলেন পাঁচ উইকেট।
অভিজ্ঞতার বিচারে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবায়ের। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি বাদে বাকি পেসাররা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। উইকেটের বিচারেও তারা তাসকিন-মুস্তাফিজের চেয়ে পিছিয়ে বলে মনে করেন তালহা।
তিনি বলেন, 'তাসকিন আর মুস্তাফিজের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা অবশ্যই এগিয়ে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে, তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না... আর হারিস রউফ খেলেছে, কিন্তু হারিস রউফের এত উইকেট মনে হয় নেই মুস্তাফিজ আর তাসকিনের মতো।'
তালহা মনে করেন শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না তা মাঠেও প্রয়োগ করতে হবে। মাঠে পারফর্ম করতে পারলে প্রতিপক্ষ ব্যাটারদের কাছ থেকে সমীহ আদায় করে নেয়া সম্ভব। তাই বাংলাদেশের বোলারদেরও একই পরামর্শ দিয়েছেন তিনি।
তালহা যোগ করেন, 'অভিজ্ঞতা সবসময় আপনার কাজে লাগে না যদি আপনি মাঠে ভালো নৈপুণ্য দেখাতে না পারেন। তাই আপনার যে অভিজ্ঞতাটা আছে এটা যদি আপনি নিয়মিত মাঠে দেখাতে পারেন, তাহলে আপনি ব্যাটারদের কাছ থেকে একটা সম্মান অর্জন করতে পারবেন। তাই আমাদের বোলিং বিভাগকেও এটাই করতে হবে।'