ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ সালমানের বিরুদ্ধে ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’-এর অভিযোগ আনেন। পাকিস্তানি ব্যাটার অভিযোগটি স্বীকার করে নেয়ায় এ নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে মাঠে আচরণবিধি ভাঙার কারণে এটি সালমানের প্রথম ডিমেরিট পয়েন্ট।
পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে ঘটে ঘটনাটি। মেহেদী হাসান মিরাজের বল মিড-অন অঞ্চলে খেলেন মোহাম্মদ রিজওয়ান। বল থামাতে পা বাড়ান মিরাজ এবং একই সময়ে বলের দিকে হাত বাড়ান নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটার সালমান।
এরপর দ্রুত বল তুলে আন্ডারআর্ম থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সালমানকে রান আউট ঘোষণা করেন। সিদ্ধান্ত ঘোষণার আগেই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় পাকিস্তানি ব্যাটারকে।
রান আউটের পর মাঠেই গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারেন সালমান। পরে ক্ষুব্ধ অবস্থায় ড্রেসিংরুমে ফেরার সময় বাউন্ডারি লাইনের কাছে আবারও গ্লাভস ও হেলমেট ছুড়ে মারতে দেখা যায় তাকে। এ সময় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও তার কথা-কাটাকাটি হয়।
এই ঘটনার মধ্যেও ম্যাচটি শেষ পর্যন্ত ১২৮ রানের বড় ব্যবধানে জেতে পাকিস্তান। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন সমতা ১–১। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।