পিএসএলের আগামী আসর থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মোতি। এর মধ্যে বদলি খুঁজতে হয়েছে লাহোর কালান্দার্সকে। তারা বদলি হিসেবে নিয়েছে শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলালাগেকে।
২৩ বছর বয়সী এই বাঁহাতি অর্থডক্স স্পিনার লাহোর কালান্দার্সে যোগ দিচ্ছেন স্বদেশী দাসুন শানাকার সঙ্গে। শানাকাকে লাহোর কালান্দার্স প্রথমবারের মতো আয়োজিত পিএসএল নিলাম থেকে দলে ভিড়িয়েছিল।
সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন ওয়েলালাগে। তিনি আটটি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৭ দশমিক ২২। সেই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাট হাতেও সমান কার্যকর ওয়েলালাগে।
ফলে লাহোরের জন্য ব্যাটে-বলে দুই ভূমিকাতেই দারুণ ভূমিকা রাখতে পারেন এই লঙ্কান অলরাউন্ডার। একই দলের হয়ে পিএসএলে খেলবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
বিশেষ করে বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে জুটি বাধতে দেখা যাবে ওয়েলালাগেকে। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে এই অর্থডক্স স্পিনার রাখতে পারেন বড় ভূমিকা। পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোর মাঠে নামবে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে।