ক্রিকেটারদের জরিমানার খবর উড়িয়ে দিল পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তান দল
পাকিস্তান দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপরই দেশটির গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে হতাশাজনক পারফরম্যান্সের কারণে পাকিস্তান জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হচ্ছে। পাকিস্তানের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায় ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পরই এই জরিমানা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির মুখপাত্র এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বলে আখ্যা দিয়েছেন। পিসিবির মুখপাত্র আমির মীর স্পষ্টভাবে জানান, পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে জরিমানার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও নেই জানিয়ে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, 'এমন কোনো সিদ্ধান্ত কখনোই পিসিবি নেয়নি। এগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব। এ ধরনের কোনো নজির বা বিধানও নেই।'

পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই প্রতিটি খেলোয়াড়কে প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি অর্থাৎ আনুমানিক ২২ লাখ বাংলাদেশি তাকা জরিমানা করা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তারা টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে।

টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় হারটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। এর ফলে ৬১ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের। এদিকে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানার খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

এর মধ্যে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আহমেদ শেহজাদ মন্তব্য করেছিলেন, এই জরিমানা যদি সত্যিই ক্রিকেটের উন্নতিতে কাজে লাগে, তাহলে তিনি নিজেই সেই অর্থ পরিশোধ করতে রাজি। তিনি বলেন, 'আমি ৫০ লাখ জরিমানা দিয়ে দিই। যদি এতে দেশ ঠিক হয় বা ক্রিকেটের উন্নতি হয়, আল্লাহর কসম আমি দিয়ে দেব। সব খেলোয়াড়ের হয়ে আমি দিয়ে দেব। যতজনকে জরিমানা করতে চান, সবাইয়ের হয়ে আমি দিয়ে দেব।'

আরো পড়ুন: