গত ফেব্রুয়ারিতে হওয়া পিএসএলের নিলামে মুজারাবানিকে দলে টানেনি কোনো দলই। পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জসেফের পরিবর্তে মুজারাবানিকে দলে ভিরিয়েছিলো ইসলামাবাদ। ১১ মিলিয়ন পাকিস্তানি রুপিতে পিএসএলের দলটিতে নাম লিখিয়েছিলেন মুজারাবানি।
পিএসএলে বেশ পরিচিত নাম এই পেসার । তিনটি আসরে খেলে পিএসএল শিরোপার স্বাদও পেয়েছেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে করাচি কিংসের হয়ে ট্রফি জেতেন তিনি। ওই আসরে পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নেন তিনি। সব মিলিয়ে, পিএসএলে ১৫ ম্যাচে তার শিকার ২১টি। এবার সুযোগ পান তিনবারের পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ দলে।
নতুন দলে অভিষেকের আগেই পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন মুজারাবানি। পিএসএল শুরুর দুইদিন পরই শুরু হতে যাওয়া আইপিএলে পাওয়া সুযোগ গ্রহণ করতে পিএসএলকে 'না' বলেছেন এই পেসার। তবে, গতকাল কলকাতা নাইট রাইডার্স মুজারাবানিকে দলে ভেড়াবার আনুষ্ঠানিক ঘোষণা দেবার পর নিজেদের অবস্থান জানিয়েছে পিসিবি।
ক্রিকেট ভিত্তিক সংবামাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ফ্র্যাঞ্জাইজিটিকে জানিয়েছেন মুজারাবানি। পিসিবি ব্যাপারটি ভালোভাবে নেয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।
আইপিএলের নতুন মৌসুম শুরুর দুই দিন আগেই এবার শুরু হতে যাচ্ছে পিএসএলের নতুন আসর। পিএসএল ও আইপিএল এ নিয়ে টানা দ্বিতীয় বছর একই সময়ে অনুষ্ঠিত হবে। একই সময় অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড় নিয়ে টানা দুই বছর দ্বন্দ্বে জড়ালো দুই দেশের দুই ফ্রাঞ্চাইজি লীগ।
গত বছর সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে নিয়ে একই ধরণের সমস্যা তৈরি হয়েছিলো। সেবার পেশোয়ার জালমিতে চুক্তিবদ্ধ হবার পরেও তাকে দলে টেনেছিলো আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। চুক্তি ভঙ্গ করায় বশকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করে পিসিবি।
মুজারাবানিকেও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় সামনের বছর গুলোতেও যে এই ধরণের সমস্যা তৈরি হবে তা অনেকটা নিশ্চিত। আর স্বাভাবিকভাবেই এ ধরনের সমস্যায় বেশি বিপদে পড়ছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।