এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি, এটা আন্তর্জাতিক ম্যাচ: লিটন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
মেহেদী হাসান মিরাজ এবং সালমান আঘা, ফাইল ফটো
মেহেদী হাসান মিরাজ এবং সালমান আঘা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আলোচিত রান আউটের ঘটনায় কেন্দ্রীয় চরিত্র ছিলেন সালমান আলী আঘা এবং মেহেদী হাসান মিরাজ। তবে ঘটনাটির সময় পার্শ্বচরিত্র হয়েও আলাদা করে নজরে পড়েন লিটন দাস। ম্যাচ শেষে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার জানিয়েছেন, সালমানের রান আউটের ঘটনায় খেলাধুলার চেতনার বিরোধী কিছু দেখেননি তিনি।

রান আউটের ঘটনাটি ঘিরে আবারও আলোচনায় এসেছে ক্রিকেটের আইন ও ‘স্পোর্টসম্যান স্পিরিট’-এর সূক্ষ্ম সীমারেখা। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ওই রান আউটের পর মাঠে কিছুটা উত্তপ্ত পরিস্থিতিরও সৃষ্টি হয়। আউট করার পর মিরাজসহ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন সালমান।

ড্রেসিং রুমে ফেরার সময়ও সালমানকে কিছু বলতে দেখা যায়। সে সময় লিটনকে অনেকটা এগিয়ে যেতে দেখা যায় তার দিকে। উইকেটে থাকা পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

টি-স্পোর্টসকে লিটন বলেন, 'প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট… আমি তো এখানে কোনো অ্যাঙ্গল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু।'

এই রান আউট নিয়ে ম্যাচের পরও আলোচনা অব্যাহত থাকে। সালমান নিজে বলেন, আইনের দিক থেকে এটি আউট হলেও তার মতে এখানে খেলাধুলার চেতনা অনুসরণ করা হয়নি। যেকোনো পরিস্থিতিতে স্পোর্টসম্যান স্পিরিটকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন বলেও জানান তিনি।

তবে লিটনের মতে, বিষয়টি ভিন্নভাবে দেখার সুযোগ নেই, 'যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট..।'

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালমান জানান, তিনি ঠিক মনে করতে পারছেন না কী বলেছিলেন, 'মনে করতে পারছি না, লিটনকে কী বলেছিলাম। এটাও মনে নেই, সে কী বলছিল। নিশ্চিতভাবেই ভালো কিছু বলিনি, সেও অবশ্য ভালো কিছু বলেনি। তবে এটা স্রেফ ‘হিট অব দা মোমেন্ট’ ছিল, আমরা ঠিক আছি এখন।'

আরো পড়ুন: