কারণ এর আগে টুর্নামেন্টজুড়ে একাধিকবার ভারতের বিপক্ষে ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের এই পেসার। সুপার এইট পর্বে তিনবার তিনি বলেছিলেন, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। পরে সেমিফাইনালের আগেও বলেছিলেন, ভারত ফাইনালে জায়গা করে নিতে পারবে না। তবে তার প্রতিটি ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণিত হয়েছে।
পরে একই টিভি শোতে সঞ্চালক ব্যাখ্যা দেন, কেন আমির ভারতের নাম বলেছেন। তিনি বলেন, আগের সব ভবিষ্যদ্বাণী ভুল হওয়ায় ইচ্ছাকৃতভাবেই এমনটি বলেছেন আমির। সঞ্চালক বলেন, 'আপনি কালকে ভারতকে হারানোর জন্য ভারতের নাম বলেছেন…?'
এরপর যখন সত্যিকারের পূর্বাভাস জানতে চাওয়া হয়, তখন ভিন্ন কথা বলেন আমির। দুইভাবে প্রশ্ন করা হয়, টস জিতে নিউজিল্যান্ড আগে বোলিং করলে কিংবা ভারত পরে ব্যাট করলে কে জিতবে। দুই ক্ষেত্রেই তিনি নিউজিল্যান্ডের পক্ষেই মত দেন।
নিজের মতের ব্যাখ্যায় আমির বলেন, সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ের পর ভালো ছন্দে রয়েছে কিউইরা, 'আপনি যদি দুই দলের দিকে তাকান, নিউজিল্যান্ড যেভাবে সাউথ আফ্রিকাকে হারিয়েছে সেমিফাইনালে, পরিপূর্ণ এক জয়কে সঙ্গী করে তারা ফাইনালে নামছে। দল হিসেবে দারুণ পারফর্ম করেছে।'
'যে মাঠে খেলা হবে, নিউজিল্যান্ডের জন্য এটি মানিয়ে যায় বেশ। মুম্বাইয়ের মতো নয় যে এখানে আড়াইশ বা পৌনে তিনশ স্কোর হবে। বোলিংয়ের তুলনা করলে, নিউজিল্যান্ডের বোলিং বেশি ভালো ফর্মে আছে। ভারতীয় দলে বুমরাহ ছাড়া কেউ এত ভালো ফর্মে নেই। মাঝের ওভারগুলোতে ভারুন ফর্মে নেই, ধুঁকছে। পান্ডিয়াও ভুগছে, মাঝে দু-একটি ওভার ভালো করছে শুধু। সব মিলিয়ে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড (জিতবে)।'
ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, দলটি কয়েকজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর বেশি নির্ভরশীল, 'ভারত আমার মতে এখনও স্রেফ দুজনের ওপর খেলছে। জসপ্রীত বুমরাহ ও সাঞ্জু স্যামসনের প্রভাব অনেক বেশি।'