১৭৭২ সালে স্বীকৃত প্রথম প্রথম শ্রেণির ম্যাচ শুরু হওয়ার পর প্রায় আড়াই শতাব্দীর ইতিহাসে এই রেকর্ড অধরাই ছিল। সেই অপেক্ষার অবসান ঘটালেন ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে গড়ে ওঠে এই বিরল কীর্তি।
র্যান্ডেলের ঐতিহাসিক স্পেলটি শুরু হয় তার দ্বিতীয় ওভারের শেষ বলে। সেই বলে বোল্ড হন হেনরি কুপার। এরপর নিজের পরের ওভারের প্রথম বলেই আউট করেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ওপেনার জিত রাভালকে।
পরের তিন বলেও থামেননি তিনি। আরও তিনটি উইকেট তুলে নিয়ে টানা পাঁচ বলে পাঁচ উইকেটের বিরল রেকর্ড গড়েন র্যান্ডেল। পঞ্চম শিকার হিসেবে অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ককে বোল্ড করে ইতিহাসে নাম লেখান এই পেসার।
র্যান্ডেলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ। পরে আরও দুটি উইকেট নিয়ে তিনি ইনিংস শেষ করেন ২৫ রানে সাত উইকেট নিয়ে। তার এই বোলিংয়ের সামনে প্রতিপক্ষ অলআউট হয় মাত্র ৮২ রানে।
ম্যাচে আগে ব্যাট করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস তুলেছিল ৩৭৩ রান। ৩৮ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই র্যান্ডেলের সেরা বোলিং পারফরম্যান্স। এই স্পেলের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।