চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই হাসছে না বাটলারের ব্যাট। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৬ রান করেছিলেন ডানহাতি ব্যাটার। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে করেছিলেন ২১ রান। পরের পাঁচ ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক। লম্বা সময় ধরেই বড় ইনিংস খেলতে পারছেন না তিনি।
ইংল্যান্ডের হয়ে সবশেষ ১৪ টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি নেই বাটলারের। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুরো বিশ্বকাপ জুড়ে বাটলারের পক্ষে সাফাই গেয়েছেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে ১৫৪ টি-টোয়েন্টিতে ২৮ হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে ৪ হাজার ১২ রান করা বাটলারকে নিয়ে অবশ্য সংশয় নেই তাঁর। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগেও তাই বাটলারকে আগলে রাখলেন তিনি।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ইংল্যান্ডের অধিনায়ক ব্রুক বলেন, ‘আমার মনে হয়, জসকে (বাটলার) একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে এবং আমি দেখতে পাচ্ছি, সে ভালো করতে যাচ্ছে (সেমি-ফাইনালে)।’
গ্রুপ পর্বে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারলেও সুপার এইটে দারুণ করেছে ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। যদিও ইংলিশদের চোখে এখনো পারফেক্ট ম্যাচ খেলতে পারেননি ব্রুকরা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। সাম্প্রতিক সময়ে ভিন্ন ধাঁচের টি-টোয়েন্টি খেলা ভারতকে স্বাভাবিকভাবেই মোকাবেলা করতে চাইবে না কেউ।
বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় ভারতকে নিয়ে ভয়ে থাকাটাও স্বাভাবিক। যদিও ব্রুক জানালেন, ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার নাকি সেমিফাইনালে ভারতকেই চেয়েছিলেন। তবে কাজটা একেবারেই সহজ হবে না তাদের জন্য। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পুরো গ্যালারিতে সমর্থকরা গলা ফাঁটাবেন অভিষেক শর্মা-সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহদের জন্য। যদিও নিজেদের সেরা ক্রিকেট খেলার আশায় ব্রুক।
তিনি বলেন, ‘আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ছেলেদের বেশ কয়েকজনের কাছ থেকেই শুনতে পেয়েছি, ওরা ভারতের সঙ্গেই খেলতে চাইছিল। বিরাট এক উপলক্ষ হতে যাচ্ছে এটি, দুই দলের জন্য প্রচণ্ড চাপেরও। ভারতের সঙ্গে অবশ্যই প্রবল সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত, আমাদের পাশে খুব বেশি কাউকে পাব না। মাঠে গর্জন থাকবে প্রচণ্ড। তবে আশা করি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।’