তার মতে দুবের বোলিং সমস্যাটা ফর্মের নয়, বরং পরিকল্পনা বাস্তবায়নের ঘাটতি রয়েছে তার। মর্কেল মনে করেন দলগুলো দুবের ওপর চড়াও হতে অপেক্ষায় থাকেন। এমন চাপের মুহূর্তে দুবে অনেক সময় ব্যর্থ হয়েছেন পরিকল্পনা কাজে লাগাতে। তবে দুবে সফল হলে ভারতের অনেক সাহায্য হবে বলে মনে করেন তিনি।
মর্কেল বলেন, 'আমি মনে করি না এটা বোলিং ফর্ম হারানোর বিষয়। শিভম খেলাটা ভালো বোঝে। কিছু সময় আমাদের পরিকল্পনা বাস্তবায়ন ভালো হয়নি, কিছু ডেলিভারির পেছনের ভাবনাও আরও ভালো হতে পারত। কিন্তু ফর্মের দিক থেকে সে এখনো এমন একজন, যে আমাদের জন্য কয়েক ওভার করতে পারে।'
তিনি আরও যোগ করেন, 'তার জন্য বিষয়টা হলো বল হাতে আরও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। এ জায়গায় আমরা উন্নতি চাই। কারণ সত্যি বলতে, প্রতিপক্ষ দলগুলো তাকে টার্গেট করবে এবং চাপে ফেলতে চাইবে। যদি আমরা তার পরিকল্পনা বাস্তবায়ন আর ভাবনায় উন্নতি করতে পারি, তাহলে সেটা আমাদের অনেক সাহায্য করবে।'
এবারের বিশ্বকাপে দুবেকে বল হাতে খুব বেশি ব্যবহার করা হয়নি। তবে পার্ট টাইমার হিসেবে তার ওপর আস্থা রাখতে চায় ভারতীয় টিম মেনেজমেন্ট। চলতি বিশ্বকাপে সাত ম্যাচে তিনি বল করেছেন মাত্র ৯ ওভার ২ বল। দিয়েছেন ১২৪ রান, নিয়েছেন ৫টি উইকেট। ইকোনমি রেট ১৩ এর কিছু উপরে।
সুপার এইট পর্বে তার সবচেয়ে কঠিন সময় গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওভারে ৪৬ রান দিয়েছেন। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচেও দুই ওভারে খরচ করেছেন ৩২ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে বোলার হিসেবে ব্যবহার করেনি ভারত। ধারণা করা হচ্ছিল তার ওপর আস্থা হারিয়েছে ভারত। তবে মর্কেলের কথায় মনে হচ্ছে সেমি ফাইনালেই আবার বল হাতে দেখা যাবে দুবেকে।