ফর্ম নেই, তবুও ব্রুকের চোখে ‘সর্বকালের সেরা’ বাটলার

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের তালিকায় অনেক দিন ধরেই শীর্ষে আছেন জস বাটলার। গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে এবার যে তালিকার শীর্ষে উঠলেন, সেটি নিঃসন্দেহে তার জন্য অস্বস্তির। ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন একই সঙ্গে সবচেয়ে বেশি শূন্য রানের মালিকও। পরিসংখ্যানের এমন বিপরীত চিত্র খুব কম ক্রিকেটারের ক্ষেত্রেই দেখা যায়।

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছিল না বাটলারের। প্রথম দুই ম্যাচে ২৬ ও ২১ রানের পর টানা চার ইনিংসে দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন তিনি। সুপার এইটের শেষ ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে থামেন শূন্যতেই। সেই ইনিংসই তাকে নিয়ে গেছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শীর্ষে।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল তার দশম শূন্য। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন লুক রাইট ও মঈন আলীকে। রাইট ৪৫ ইনিংসে ৯ বার এবং মঈন ৭৫ ইনিংসে ৯ বার শূন্য রানে আউট হয়েছিলেন। বাটলার সেখানে ১৪২ ইনিংসে পৌঁছে গড়েছেন এই রেকর্ড। ৬৪ ইনিংসে ৭ শূন্য রয়েছে জেসন রয়ের।

তবে কেবল শূন্যের হিসাবেই তার ক্যারিয়ারকে বিচার করা যায় না। এই সংস্করণে ইংল্যান্ডের জার্সিতে তার রান চার হাজার ১২। দেশের হয়ে অন্য কোনো ব্যাটারের আড়াই হাজার রানও নেই। ২৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস, ৩৬৯ চার, ১৭৪ ছক্কা এবং ১০৭টি ডিসমিসাল, সবই তাকে রেখেছে আলাদা উচ্চতায়। তার নেতৃত্বেই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

তবু সাম্প্রতিক সময়টা কঠিন যাচ্ছে বাটলারের। দেশের হয়ে সবশেষ ১৪ টি-টোয়েন্টি ইনিংসে তার কোনো ফিফটি নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ২৪ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র একবার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা চারটি আইসিসি আসরে ২৬ ইনিংসে তার ফিফটি একটি, যা এসেছিল ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক অবশ্য আস্থা রেখেছেন বাটলারের ওপর, 'জসকে নিয়ে অনেক কথা হয়েছে। সেদিনই বলছিলাম, ইংল্যান্ডের হয়ে দেড়শ (১৫৪) ম্যাচ খেলেছেন তিনি এবং লোকের তাই সম্ভবত একটু পিছু হটা উচিত সেখান থেকে। এই খেলাটা যারা খেলেছেন, তিনি সম্ভবত সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা।'

ব্রুক আরও যোগ করেন, 'এখন খানিকটা বাজে অবস্থায় আছেন। তবে গোটা বিশ্বের সবার জন্যই রোমাঞ্চকর যে, পরের দুই ম্যাচে তিনি কী করতে পারেন। অবশ্যই তিনি তেতে আছেন এবং মাঠে নেমে নিজের জাত দেখাতে চান।'

আরো পড়ুন: