ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্যারিবিয়ানদের অনুপ্রেরণা খুঁজে দিলেন গেইল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বিশ্বকাপ হাতে ক্রিস গেইল
বিশ্বকাপ হাতে ক্রিস গেইল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে হলে সুপার এইটের শেষ ম্যাচে ভারতকে হারানোর বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। অনেকে এই ম্যাচটিকে সেমি ফাইনালের আগে আরেকটি সেমি ফাইনাল হিসেবে দেখছেন। কঠিন লড়াইয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের অন্যতম স্মরণীয় জয়ের কথা তুলে ধরেছেন তিনি। গেইল ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সেবার ভারতের মাটিতেই ২০ ওভারের বিশ্বকাপের শিরোপা তুলে ধরেছিল ক্যারিবীয়রা। ভারতকে হারিয়েই সেবার ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে আইসিসির সঙ্গে সাক্ষাৎকারে গেইল বলেছেন, 'শেষবার আমরা যখন ভারতে ভারতের বিপক্ষে জিতেছিলাম, তখন শেষ পর্যন্ত বিশ্বকাপই জিতেছিলাম।' মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে ভারত ২ উইকেটে ১৯২ রান তোলে। অপরাজিত ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।

জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তুলে সাত উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জয়ের নায়ক ছিলেন লেন্ডল সিমন্স, অপরাজিত ৮২ রান করেছিলেন তিনি। আর ৫২ রানের ঝরঝরে ইনিংস খেলেছিলেন জনসন চার্লস। গ্যালারি ভরা ভারতীয় সমর্থকদের সামনে শক্তিশালী ভারতীয় দলকে হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় ক্যারিবীয়রা।

গেইলের বিশ্বাস, আজও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। কলকাতায় গ্রুপ ওয়ানের সুপার এইটের ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে। দুই ম্যাচ শেষে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে সমান দুই পয়েন্ট। গ্রুপ থেকে সাউথ আফ্রিকা ইতোমধ্যে এগিয়ে থাকায় বাকি সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয় দরকার দুই দলেরই।

গেইলের মতে, এই ম্যাচে ব্যাটিংই বড় পার্থক্য গড়ে দিতে পারে। তিনি বলেন, 'স্বাগতিকদের নিজেদের মাঠে হারানোর এটা হয়তো দারুণ একটা সুযোগ হতে পারে, যা আমাদের বড় আত্মবিশ্বাস দেবে। যে দল ভালো ব্যাটিং করবে, তারাই ম্যাচ জিতবে। দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, তবে আমি পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই বাজি ধরছি।'

আরো পড়ুন: