এই ম্যাচের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে ভারতের মাটিতেই অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতিয়েছিলেন স্যামি। এবার সেই স্মৃতির পুনরাবৃত্তি করতে চান ক্যারিবিয়ান এই কোচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘প্রচলিত আছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ভেন্যু আলাদা হলেও আমাদের লক্ষ্য এক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আপনাকে কোনো না কোনো পর্যায়ে ভারতের বাধা টপকাতেই হবে। আমাদের জন্য সেই দিনটি হলো রবিবার।’
সুপার এইটের লড়াই শুরু থেকেই জমে উঠেছিল। বিশেষ করে গ্রুপ ওয়ানের লড়াই জমে উঠেছে বেশ। এরই মধ্যে চারটি দলেরই দুটি করে ম্যাচ শেষ হয়েছে। এই গ্রুপের একমাত্র দল হিসেবে সেমি ফাইনালে গেছে সাউথ আফ্রিকা। জিম্বাবুয়ে দুই ম্যাচের মধ্যে দুটিতেই হেরে বিদায় নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের জয় একটি করে। সেই অর্থে দুই দলের আজকের ম্যাচটি সেই অর্থে নকআউট ম্যাচ। যে হারবে বিদায় নেবে, জিতলে মিলবে সেমিফাইনালের টিকিটি। ২০১৬ সালে এই ইডেন গার্ডেন্সেই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
এবার স্বাগতিক ভারিতের বিপক্ষে ৮০ হাজার দর্শকের সামনে খেলতে হবে স্যামির দলকে। বিষয়টিকে চাপ হিসেবেই দেখছেন তিনি। স্যামি বলেন, ‘এটি অবশ্যই দাউদ বনাম গোলিয়াথের লড়াইয়ের মতো মনে হবে। কিন্তু ২০১৬ সালে দাউদই গোলিয়াথকে হারিয়েছিল। আমার ছেলেদের আমি এই মন্ত্রই দেব।‘
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও সুপার এইটে এসে বড় ধাক্কা খায় দলটি। তারা হেরে যায় সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী স্যামি। বিশেষ করে শিমরন হেটমায়ারকে দিকে তাকিয়ে আছেন এই কোচ।
তিনি যোগ করেন, ‘হেটমায়ার এখন অনেক বেশি ফোকাসড। তবে আমরা কেবল একজনের ওপর নির্ভর করতে চাই না। আমাদের পুরো টুর্নামেন্টে ভিন্ন ম্যাচে ভিন্ন খেলোয়াড় পারফর্ম করেছে। আশা করি ভারতের বিপক্ষে সেরা অলরাউন্ড পারফরম্যান্সটা দেখাতে পারব।’
ভারতের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে স্যামি বলেন, ‘জিতলে সেমিফাইনাল, হারলে সব শেষ। এই ধরনের হাই-স্টেক ম্যাচেই একজন অ্যাথলেটের আসল পরীক্ষা হয়। আমরা পরিকল্পনা করেছি, প্রস্তুতি নিয়েছি; এখন কেবল মাঠে সেটির সঠিক বাস্তবায়নের অপেক্ষা।'