এখনো যেভাবে সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান। তবে শেষ চারের আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।

মঙ্গলবার পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার এইটে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে তারা।

দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করা নিউজিল্যান্ড ১ পয়েন্ট নিয়েই নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে। আর প্রথম ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের ভাগ্য আর নিজেদের হাতে নেই। সেমিফাইনালে উঠতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ফলের দিকে, পাশাপাশি নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে।

প্রথম সমীকরণ অনুযায়ী, নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটিতেই হারে এবং পাকিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে ইংল্যান্ড, পাকিস্তান হবে দ্বিতীয়। দুই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় এবং এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকবে নিউজিল্যান্ড।

দ্বিতীয় সমীকরণে, নিউজিল্যান্ড যদি বাকি দুই ম্যাচের একটিতে জয় পায়, তাহলে পাকিস্তানকে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। কারণ বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১। সমান ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকতে পারলেই সেমি-ফাইনালে উঠবে পাকিস্তান।

অন্যদিকে নিউজিল্যান্ড যদি বাকি দুই ম্যাচই জিতে যায়, তাহলে তারাই নিশ্চিত করবে শেষ চার। সে ক্ষেত্রে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি হবে কেবল আনুষ্ঠানিকতা। আবার নিউজিল্যান্ড দুটিতে হারলে এবং পাকিস্তানও শ্রীলঙ্কার কাছে হেরে গেলে, ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে শ্রীলঙ্কা। ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ও ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড, আর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

আরো পড়ুন: