ইংল্যান্ডে আইপিএলের মালিকদের ‘দাদাগিরি’ চলবে না, হুঁশিয়ারি মঈনের

দ্য হান্ড্রেড
মঈন আলী
মঈন আলী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দ্য হান্ড্রেডের নিলামে ৬৭জন পাকিস্তানি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। তবে বেশ কয়েকটি দলের মালিকানায় ভারতীয় প্রতিষ্ঠান থাকায় পাকিস্তানি ক্রিকেটাররা দল পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী পাকিস্তানি ক্রিকেটারদের 'শ্যাডো বেন' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যে এমন কিছু ঘটতে পারে বলে মনে করেন না মঈন। তার চাওয়া এমনটা না হোক। তবে বিষয়টি আসলে কোন দিকে গড়ায় সেদিকেই নজর ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। এই বিষয়টির দিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পূর্ণ মনোযোগ রাখবে বলে বিশ্বাস মঈনের।

সম্প্রতি দ্য টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে মঈন বলেন, 'যুক্তরাজ্যে এ ধরনের কিছু ঘটতে পারে এটা আমি মনে করি না, আর আমি চাইও না যেন এমন কিছু হয়। এটা হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখতে হবে। কিন্তু যদি এমনটা ঘটে, তা হলে সেটা হবে খুবই দুঃখজনক। ইসিবি অবশ্যই বিষয়টি নজরে রাখবে বলে আমি বিশ্বাস করি।'

এ প্রসঙ্গে মঈন আরও যোগ করেন, 'একদল খেলোয়াড় আছেন, যারা এ বিষয়ে কথা বলবেন। প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হবে। আমার মনে হয়, খেলোয়াড়দের কথা বলা উচিত। কারও যদি এ ধরনের বিষয়ে ন্যূনতম উদ্বেগও থাকে। সে পাকিস্তানি বংশোদ্ভূত হোক বা না হোক। তারও কথা বলা উচিত।'

এর আগে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুকও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলার পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা আর খেলেননি। একইভাবে, এসএ টোয়েন্টির চার মৌসুমেও কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলতে পারেননি। কারণ এই টুর্নামেন্টের ৬টি দলের মালিকানায় রয়েছে ভারতীয়রা।

দ্য হান্ড্রেডে এমনটা হতে দেয়া হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন মঈন, 'খবরটি একেবারেই নতুন। তাই এখনো কারও সঙ্গে এ নিয়ে কথা বলার সুযোগ হয়নি। তবে আমার ধারণা, বেশির ভাগ খেলোয়াড়ই একই অবস্থানে থাকবেন। অন্য দেশগুলো তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে। সেসব আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু যুক্তরাজ্যে অন্তত এই বিষয়ে আমাদের কিছু বলার সুযোগ আছে।'

আরো পড়ুন: