বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আজ সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

ম্যাকাইয়ে এটাই হবে প্রথম টেস্ট ম্যাচ। একই সঙ্গে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা যুক্ত হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুর তালিকায়। অন্যদিকে ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে মারারা স্টেডিয়ামে টেস্ট হয়েছিল, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া।

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচের সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। এরপর এই প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালের পর দুই দলের মধ্যে এটিই প্রথম টেস্ট সিরিজ। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে সিরিজ আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বাতিল হয়।

দুই ম্যাচের এ সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের অংশ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এটা গোপন কিছু নয় যে আন্তর্জাতিক সূচি এখন ব্যস্ততাপূর্ণ। তবে আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় আমরা সৌভাগ্যবান। এতে গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে টেস্ট ক্রিকেট আয়োজনের আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’

গত জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার ছেলেদের দলের এটাই হবে প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশ সিরিজ শেষে আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে যাবে তারা। ডারবান, গেবারা ও কেপটাউনে অনুষ্ঠিত হবে তিনটি টেস্ট। এ সফরের অংশ হিসেবে জিম্বাবুয়েতেও একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

এরপর ঘরের মাঠে ফিরবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি এ বছরের জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরেও আসবে অস্ট্রেলিয়া দল।

আরো পড়ুন: