খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে আনতে চাই: আমিনুল হক

বাংলাদেশ ক্রিকেট
কথা বলছেন আমিনুল হক
কথা বলছেন আমিনুল হক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ থেকে উঠে এসেছেন অনেক বিশ্ব মানের ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজারা এক সময় বিশ্ব মাতিয়েছেন। এ ছাড়া বর্তমান সময়ে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের দেখে অনেকেই খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে চান।

যদিও বাংলাদেশ খেলাধুলাকে এখনও পেশা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়নি। এই বিষয়টি নিয়েই এবার কাজ শুরু করেছে বাংলাদেশের বর্তমান সরকার। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন সবধরনের খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান তারা।

জাতীয় ক্রীড়া পরিষদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলোয়াড়দেরও যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই।'

এরই মধ্যে ক্রীড়া ফেডারেশনগুলোকে খেলোয়াড়দের তালিকা দিতে বলা হয়েছে। এরপর সেখান থেকেই যাচাই বাছাইয়ের মাধ্যমে ক্যাটাগরি করে সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি যোগ করেন, 'ইতিমধ্যে আমি সকল ফেডারেশনকে বলেছি যে আপনাদের খেলোয়াড়দের যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদের একটি তালিকা প্রদান করবেন এবং সেই তালিকা প্রদানের মাধ্যমে আমরা যাচাই-বাছাই করে কোন ক্যাটাগরিতে কিভাবে তাদেরকে সরকারের পক্ষ থেকে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি।'

এ ছাড়া গত এক বছরের সাফল্য ব্যর্থতা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত রিপোর্ট আকারে জানতে চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন ৭ দিনের মধ্যে সেই রিপোর্ট হাতে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে সরকারের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'গত এক বছরে আমাদের স্পোর্টসের কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কী কী সুযোগ-সুবিধার প্রয়োজন ছিল, কী কী সুযোগ-সুবিধার অভাব ছিল—সবকিছু মিলিয়ে গত এক বছরের প্রত্যেকটি ফেডারেশনের মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী ৭ দিনের ভিতরে পেশ করতে বলেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী ৭দিনের ভেতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন।'

আরো পড়ুন: