ফিজ আমার এক নম্বর পছন্দ ছিল: লাহোরের মালিক

ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদের মতো গতি না থাকলেও বৈচিত্র্যময় বোলিংয়ে দুনিয়া জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। স্লোয়ার, সুইং আর কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের কচুকাটা করছেন প্রায়শই। বাংলাদেশের তারকা পেসারের স্লোয়ার ও কাটারের সংমিশ্রণে মুগ্ধ পুরো ক্রিকেট দুনিয়া। সামিন রানাও তাদেরই একজন। লাহোর কালান্দার্সের কর্ণধার জানালেন, সরাসরি চুক্তিতে মুস্তাফিজই তার প্রথম পছন্দ ছিল।

আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে মুস্তাফিজকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে রাজনৈতিক বাস্তবতায় তাকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজের খেলাটা প্রায় নিশ্চিতই ছিল। পিএসএলের অফিসিয়াল পেজ থেকেও সেই ইঙ্গিত দেওয়া হয় নিলামের কয়েক সপ্তাহ আগে।

চলতি ফেব্রুয়ারির শুরুতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর। ২০১৮ সালের পর আবারও পিএসএল খেলতে যাচ্ছেন তিনি। মুস্তাফিজ ফিরছেন নিজের পুরনো সেই ফ্র্যাঞ্চাইজিতেই। পাকিস্তানের জনপ্রিয় লিগে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ব্যাটারদের সঙ্গে সরাসরি চুক্তি করলেও লাহোর বেছে নিয়েছে পেসারকে। মুস্তাফিজকে দলে নেওয়ার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি বাঁহাতি পেসারের বোলিংয়ের প্রতি মুগ্ধতার কথাও জানালেন সামিন।

এক ইউটিউব পডকাস্টে লাহোরের কর্ণধার বলেন, ‘ফিজের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। বোলিংয়ের প্রতি আমার যে আকর্ষণ সেখানে ফিজ আমার এক নম্বর পছন্দ ছিল। বাজেটের কারণে স্ট্র্যাটেজির দিক থেকেও সে আমাদের সাথে যাচ্ছিল। ফিজের মাঝে যে কোয়ালিটি আছে সেটা দুনিয়ার খুব কম মানুষের মধ্যে আছে। সে একেবারে ভিন্ন ধরনের একজন বোলার। বিপিএলেও যদি আপনি দেখেন তার নিজস্ব একটা বৈচিত্র্য আছে, ওইটা আর কারও নেই। আমরা দলে ওই এক্স ফ্যাক্টরটা নেওয়ার চেষ্টা করেছি।’

মুস্তাফিজের পাশাপাশি পেস বোলিংয়ে আছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, উবাইদ শাহর মতো পেসার। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন হুসাইন তালাত ও দাসুন শানাকা। স্পিনে সিকান্দার রাজার সঙ্গী উসামা মীর ও গুড়াকেশ মোতি। বোলিং বিভাগকে শক্তিশালী করতে পারায় খুশি সামিন। লাহোরের কর্ণধার জানান বোলাররা টুর্নামেন্ট জেতাবে।

এ প্রসঙ্গে সামিন বলেন, ‘আমি তো সবসময় বলি বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে। আমি এখনো বিশ্বাস করি ব্যাটার আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে।’

আরো পড়ুন: