ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালিগালাজ করে: আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। তবে মাঠের বাইরের লড়াই পুরোপুরি থামেনি। মন্তব্য-পাল্টা মন্তব্যে এখনো উত্তাপ ছড়াচ্ছে দুই দেশের ক্রিকেট অঙ্গন। এবার সেই আলোচনায় নতুন করে যোগ দিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তার অভিযোগ, ভারতের সাবেক ক্রিকেটাররা অন্যের মতামতকে সম্মান করেন না, বরঞ্চ পাকিস্তানকে অপমান করেন।

সম্প্রতি একটি টিভি শোতে কয়েকটি মন্তব্য করে আলোচনায় আসেন আমির। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মাকে তিনি স্রেফ একজন ‘স্লগার’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তার দাবি, ভারত সুপার এইট পেরিয়ে সেমিফাইনালে যেতে পারবে না। ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে দেয়া এসব বক্তব্য ভারতীয় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।

ভারতের সাবেক ক্রিকেটারদের সমালোচনার জবাবও একই শোতে দেন আমির। নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। তার ভাষায়, 'আমি শুধুই নিজের মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে… এত বাজে ভাষা তারা ব্যবহার করে! পাকিস্তানকে গালিগালাজ করে তারা। আমরা কখনোই তা করি না। একটি উদাহরণ দেখান যে আমি কখনও ভারতকে নিয়ে বাজে কিছু বলেছি কি না…।'

অভিষেককে নিয়ে মন্তব্যের পেছনে ক্রিকেটীয় ব্যাখ্যাও দিয়েছেন এই বাঁহাতি পেসার। তিনি বলেন, 'অভিষেকের ব্যাপারে আমি বলেছি যে, তার ডিফেন্সিভ কৌশল নেই। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে আর কী বলব আমি! সে যদি বলের লাইন আসতে না পারে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কি বলব, আমাকে বলে দিন।'

২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমির মনে করেন, মতভেদ থাকতেই পারে, তবে সেটি ব্যক্তিগত আক্রমণে গড়ানো উচিত নয়, 'আরেকজনের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন। দুনিয়াতে এত এত মানুষ, সবার মত তো একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়।'

চলতি টুর্নামেন্ট প্রসঙ্গেও নিজের মত দিয়েছেন আমির। তার মতে, ভারত ভালো খেললেও বর্তমান পারফরম্যান্স বিবেচনায় সাউথ আফ্রিকাই এগিয়ে।

আরো পড়ুন: