ভারত খারাপ দল নয়, সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ আরো ভালো: আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন মোহাম্মদ আমির। আগে অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলায় সমালোচনার মুখে পড়েছিলেন, এবার ভারতকে সেমিফাইনালে না দেখার ভবিষ্যদ্বাণী করে আবারও আলোচনায় এই পাকিস্তানি পেসার। নিজের মন্তব্য থেকে সরে আসার কোনো ইঙ্গিতও দেননি তিনি।

গত আসরের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপার দৌড়ে অন্যতম ফেভারিট। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে সুপার এইটে উঠেছে দলটি। গত বিশ্বকাপের পর থেকে ৪৫ টি-টোয়েন্টিতে মাত্র ৬টি হার, পরিসংখ্যানও তাদের পক্ষে কথা বলে।

তবু পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’'তে আমির বলেন, ভারতের ব্যাটিং তার চোখে পুরোপুরি স্থিতিশীল নয়। সেই মন্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠলেও নিজের অবস্থানেই অটল তিনি।

আমির বলেন, 'এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং যেভাবে পারফর্ম করেছে এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে এটা স্রেফ আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ শ্রেয়তর দল। এজন্যই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নেইনি।'

আমিরের মতে, বর্তমান ছন্দ ও ভারসাম্যের বিচারে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে। তিনি মনে করেন, এই দুই দলই বেশি পরিপূর্ণ ক্রিকেট খেলছে এবং বড় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখার সামর্থ্য দেখাচ্ছে।

সমালোচনা নিয়ে তার অবস্থানও স্পষ্ট, 'আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার স্রেফ মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা সেমিফাইনালে খেলবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে।'

তবে ভবিষ্যদ্বাণী ভুল হলে কোনো ভ্রুক্ষেপ নেই আমিরের, 'হলেই কী! ভারত যদি ফাইনালে খেলে তো ভালো… আমার কী।'

আরো পড়ুন: