ইংল্যান্ডকে আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেন ব্রুক

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গ্রুপ পর্বে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। ব্যাটিংয়ে ধারাবাহিকতা ছিল না, দেখা যায়নি স্বভাবসুলভ আগ্রাসনও। অধিনায়ক হ্যারি ব্রুক মনে করেন, আসরের শুরুতে তার দল কিছুটা বেশি সতর্ক হয়ে খেলেছে। সুপার এইটে উঠে তাই ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন চান তিনি।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে রবিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে গ্রুপ পর্বে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। তবে এই মাঠে সাম্প্রতিক সুখস্মৃতিও আছে ইংল্যান্ডের।

বিশ্বকাপের আগে পাল্লেকেলেতেই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। সেই অভিজ্ঞতাই সামনে রেখে আত্মবিশ্বাসী ব্রুক। তিনি বলেন, 'এখানে খেলে এবং এই মাঠের অভিজ্ঞতা অর্জনের পর আমরা অনেক আত্মবিশ্বাসী। এখানে ওদের বিপক্ষে আমাদের খুব ভালো সিরিজ কেটেছিল। তাই আমরা আশা করি, ওই অভিজ্ঞতা আগামীকালের ম্যাচে কাজে লাগাতে পারব।'

তবে আগের সেই সিরিজের পর থেকে বদলে গেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি জিতে সুপার এইটে উঠেছে তারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় সেঞ্চুরি করা ওপেনার পাথুম নিশাঙ্কা ইংল্যান্ডের ভাবনায় আছেন।

ব্রুক বলেন, 'ওদের কিছু ব্যাটার সত্যিই ভালো ব্যাটিং করছে। তাই আশা করি, পাওয়ার প্লেতে আমরা কয়েকটি উইকেট নিতে পারব। আর নিশাঙ্কা এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছে, তাকে দ্রুত আউট করতে পারলেই ভালো।'

নিজেদের পারফরম্যান্স নিয়েও বাস্তববাদী ইংল্যান্ড অধিনায়ক। নেপালের বিপক্ষে হারের শঙ্কা জাগিয়ে কোনোমতে জেতা, ওয়েস্ট ইন্ডিজের কাছে হার এবং স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয়, সব মিলিয়ে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি দলটি। ব্রুকের মতে, ব্যাটারদের আরো ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।

পাল্লেকেলেতে রবিবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওভার কমে এলে ঝুঁকি নেয়ার প্রয়োজন আরও বাড়বে বলে মনে করেন ব্রুক। তার ভাষায়, 'আমি চাই ২০ ওভারে আমরা যতটা সম্ভব দ্রুতগতিতে যেন রান করি। মাঠে নেমে ব্যাটিংয়ে প্রতিপক্ষের ওপর সত্যিকার অর্থে চাপ তৈরি করতে চাই।'

আরো পড়ুন: