উসমানের বোলিং নিয়ে ভাবনার কিছু দেখছেন না গাঙ্গুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
উসমান তারিক ও সৌরভ গাঙ্গুলি
উসমান তারিক ও সৌরভ গাঙ্গুলি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের কারণে আলোচনায় আছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই স্পিনারকে নিয়ে বাড়তি পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ভারত। অনুশীলনেও তাদের উসমান তারিকের অ্যাকশনের বিপক্ষে ব্যাটিং করতে দেখা গেছে।

যদিও পাকিস্তানের এই স্পিনারকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন ভারতের ব্যাটাররা অনায়াশেই সামলাতে পারবেন তারিককে। এই স্পিনার মূল বিশেষত্ব হচ্ছে ডেলিভারি দেওয়ার সময় মাঝপথে কিছুটা থেমে যাওয়া। যা ব্যাটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাগাজিন উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘কোনো কিছুই কঠিন নয়। সে একজন অফ-স্পিনার এবং কেবল একটু থেমে বল করে। সে পুরোপুরি একজন অফ-স্পিনার এবং ভারত তার বিপক্ষে ভালোই খেলবে।’

পাকিস্তানের অধিনায়ক আঘা সালমান ভারতের বিপক্ষে ম্যাচের আগে জানিয়েছেন তারিকের অ্যাকশন আইসিসির কাছ থেকে দুইবার বৈধতা পেয়েছে। ফলে এই অ্যাকশন নিয়ে সমালোচনার কারণ দেখছেন না তিনি। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ভারতকেই ফেভারিট হিসেবে মানছেন গাঙ্গুলি। পাশাপাশি ভারতের বোলিং আক্রমণ নিয়েও দিলেন বিভিন্ন পরামর্শ।

তিনি যোগ করেন, ‘অক্ষর (প্যাটেল), বরুণ (চক্রবর্তী), (জাসপ্রিত) বুমরাহ এবং আর্শদীপ (সিং) হওয়া উচিত প্রধান বোলার। আমি মনে করি না কুলদীপ যাদবের জন্য রিঙ্কু সিংকে বাদ দেওয়া উচিত, কারণ ব্যাটিং বিভাগের ভারসাম্যের দিকেও খেয়াল রাখতে হবে। আমার মনে হয় একই দল নিয়ে খেলা উচিত।’

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে। যদিও বিভিন্ন কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যস্থতায় ম্যাচটি নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে।

আরো পড়ুন: