বিশ্বকাপের মাঝপথে নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন ফার্গুসন

নিউজিল্যান্ড ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনও সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের লড়াই চললেও আপাতত দল ছাড়ছেন পেসার লকি ফার্গুসন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরছেন তিনি।

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের হয়ে তিন ম্যাচেই খেলেছেন ফার্গুসন, নিয়েছেন চারটি উইকেট। আহমেদাবাদে গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলেই আজ দেশের পথে রওনা দেয়ার কথা রয়েছে তার।

গত মাসের শুরুতেই নিউজিল্যান্ড দল থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপ চলাকালীন সময়ে ফার্গুসন ও ম্যাট হেনরি পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। এখন ফার্গুসনের সেই সময় এলেও হেনরির ক্ষেত্রে তা এখনও প্রযোজ্য হয়নি।

ধারণা করা হচ্ছে, কানাডার বিপক্ষে ম্যাচে ফার্গুসনকে পাওয়া যাবে না। দল সুপার এইটে উঠতে পারলে তিনি আবার স্কোয়াডে যোগ দিতে পারেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। প্রয়োজনে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার এ বিষয়ে বলেছেন, 'এই পর্যায়ে আমরা লকির কোনো বদলি দলে নিচ্ছি না, আপাতত পরিকল্পনা হলো সে সুপার এইটের আগে দলে যোগ দেবে। তবে যদি প্রয়োজন হয়, ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা বেন সিয়ার্স ও কোল ম্যাককনি প্রস্তুত আছে স্কোয়াডে যোগ দিতে।'

গ্রুপ পর্বে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারালেও সাউথ আফ্রিকার কাছে হেরেছে কিউইরা। মঙ্গলবার কানাডার বিপক্ষে ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচ জিতলেই সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাদের।

আরো পড়ুন: