ভারত ম্যাচের আগে পাকিস্তানকে চাপমুক্ত থাকতে বলছেন বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাবর আজম, ফাইল ফটো
বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান। সেই জয়টি এসেছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন বাবর আজম। বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেটিই পাকিস্তানের একমাত্র সাফল্য। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অভিজ্ঞতার আলোকে সতীর্থদের শান্ত ও চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। সমর্থক থেকে শুরু করে ক্রিকেটার, সবার মধ্যেই থাকে আলাদা উত্তেজনা। দীর্ঘদিন ধরেই এই আবহের সঙ্গে পরিচিত বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিবেশী দলের বিপক্ষে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে বাবর বলেন, 'যেমনটা আলোচনা হয়, পাকিস্তান-ভারত লড়াই সবসময়ই চরম উত্তেজনাপূর্ণ হয়। দুই দেশের সমর্থকরা তো বটেই, সারা বিশ্বই এই ম্যাচে সম্পৃক্ত থাকে। ম্যাচটার আবহই অন্য উচ্চতায় চলে যায়, তাই প্রত্যাশাটাও অন্য স্তরে পৌঁছে যায়।'

২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নামেন বাবর। সেই আসরের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জেতে পাকিস্তান। ফাইনালে ৪৬ রানের ইনিংস খেলে জয়ে অবদান রাখেন তিনি।

পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেলেছেন বাবর, করেছেন ৩০.১২ গড়ে ২৪১ রান। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে তার সংগ্রহ ১০৫ রান, গড় ২৬.২৫। তবে সংখ্যার বাইরে সবচেয়ে আলোচিত সাফল্যটি এসেছে তার নেতৃত্বে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দশ উইকেটের জয়। এটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়।

সাক্ষাৎকারে বাবর আরও বলেন, 'আমি অনেক ম্যাচের (ভারতের বিপক্ষে) অংশ ছিলাম, সেখান থেকে শিখেছি যে, নিজেকে যতটা শান্ত ও চাপমুক্ত রাখা যায়, বাইরের কথা এড়ানো যায় এবং কেবল ম্যাচের দিকে মনোযোগ রাখা যায়, ততই ভালো।'

বাণিজ্যিক ও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচটি আয়োজন নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সব জট কাটিয়ে 'এ' গ্রুপের লড়াইয়ে রবিবার কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

আরো পড়ুন: