এর আগে চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। বাণিজ্যিকভাবে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আয়োজন করতে আইসিসি পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠকে বসে। রোববার সেই বৈঠকের পর সংকটের অবসান ঘটে এবং পরদিন সিদ্ধান্ত বদলের ঘোষণা দেয় পাকিস্তান সরকার।
এনডিটিভির সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলি বলেন, 'এই ভারত খুবই শক্তিশালী দল। তাদের হারানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে। এটা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি। এই লড়াইয়ে ভারতকে হারানো সহজ হবে না।'
রাজনৈতিক টানাপোড়েনের কারণে এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। দুই দল মুখোমুখি হয় কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে, ফলে প্রতিটি ম্যাচই বাড়তি গুরুত্ব পায়।
পরিসংখ্যানেও ভারতের স্পষ্ট আধিপত্য রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আট দেখায় সাতবারই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে ভারতের জয় ১৩টি।
সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান, দুটো মিলিয়েই এই ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। একইসাথে এই ম্যাচে পাকিস্তানের জয় প্রত্যাশা করছেন সাবেক ক্রিকেটারদের কেউ কেউ।