পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সৌরভ গাঙ্গুলি, ফাইল ফটো
সৌরভ গাঙ্গুলি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তানের বহুল আলোচিত এই ম্যাচটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়েছিল, বাংলাদেশের ভারত সফরে যেতে অস্বীকৃতির সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে। তবে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় হওয়ায় বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সৌরভ।

রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলি বলেন, 'বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো- কিসের জন্য? ম্যাচ তো শ্রীলঙ্কাতেই হচ্ছে। পাকিস্তানের এমন সিদ্ধান্তে আমি অবাক।'

একই সঙ্গে তিনি বিশ্বকাপে প্রতিটি ম্যাচের গুরুত্বের কথাও তুলে ধরেন। সৌরভ আরও যোগ করেন, 'বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। এমন ম্যাচ না খেললে দলের ওপরই তার প্রভাব পড়বে।'

এদিকে ভারতীয় দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত বলে কয়েকদিন আগেই জানান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। কলম্বোতে অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, 'আমাদের মানসিকতা পরিষ্কার, আমরা খেলব। ফ্লাইট বুক করা, আমরা যাচ্ছি। বাকিটা তাদের সিদ্ধান্ত। আমাদের জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ম্যাচ আছে।'

৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।

আরো পড়ুন: