বাবরদের আরেকবার হারাতে যুক্তরাষ্ট্রকে ভালো শুরু এনে দিয়েছিলেন আন্দ্রিস গুস ও শায়ান জাহাঙ্গীর। পরবর্তী মিলিন্দ কুমার ও শায়ান মিলে দলকে টেনেও নিয়েছিলেন। মিডল অর্ডারে হাফ সেঞ্চুরি করে আশা জাগান শুভাম রঞ্জন। তবে শাদাব ও উসমান তারিকের দুর্দান্ত স্পিনের সঙ্গে পেরে উঠতে পারেনি লোয়ার অর্ডারের ব্যাটাররা। যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে টানা দুই ম্যাচের দুইটিতেই জয় পেয়েছে পাকিস্তান। সালমান আলী আঘার দলের পরের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে।
কলম্বোতে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেছিলেন গুস ও জাহাঙ্গীর। তাদের দুজনের ৪২ রানের উদ্বোধনী ভাঙে ইনিংসের পঞ্চম ওভারে। ১৩ বলে ১৩ রান করা গুসকে ফেরান মোহাম্মদ নাওয়াজ। দ্রুত বিদায় করেন মোনাক প্যাটেলকেও। তবে একপ্রান্ত আগলে দ্রুত রান তোলেন জাহাঙ্গীর। ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলা ব্যাটারকেও ফেরান শাদাব। এরপর অবশ্য জুটি গড়েন মিলিন্দ ও শুভাম।
তাদের দুজনের ব্যাটেই একশ ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। ২২ বলে ২৯ রান করা মিলিন্দকে ফিরিয়ে জুটি ভাঙেন উসমান তারিক। একটু পর সঞ্জয়ের উইকেট নেন আবরার আহমেদ। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করলেও ৩০ বলে ৫১ রান করে ফিরতে হয় শুভামকে। শেষের দিকে কেউই আর সুবিধা করতে পারেননি। ৮ উইকেটে ১৫৮ রান তুলে থামতে হয়ে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানের হয়ে উসমান তিনটি, শাদাব দুইটি এবং শাহীন আফ্রিদি, আবরার ও নাওয়াজ নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পাওয়া সাহিবজাদা খেলেন ৪১ বলে ৭৩ রানের ইনিংস। এ ছাড়া পাকিস্তানের হয়ে বাবর ৩২ বলে ৪৬ ও শাদাব খেলেন ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস। তাদের ব্যাটেই যুক্তরাষ্ট্রতে দুইশর কাছাকাছি লক্ষ্য দেয় পাকিস্তান। ভারতের বিপক্ষে চার উইকেট নেওয়া শ্যাডলি ভন শলকউইক পাকিস্তানের সঙ্গে ২৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।