৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার গত নভেম্বরের পর আর মাঠে নামেননি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজেও পুরোটা সময় ছিলেন দলের বাইরে। বর্তমানে চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় সিডনিতেই অবস্থান করছেন হ্যাজেলউড।
বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় এরই মধ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া দল। হ্যাজেলউডের পরিবর্তে আপাতত দলে রাখা হয়েছে পেসার শন অ্যাবটকে, যিনি থাকছেন রিজার্ভ হিসেবে।
হ্যাজেলউডকে কেন শ্রীলঙ্কায় নেওয়া হয়নি, সে বিষয়ে সোমবার এক বিবৃতিতে নির্বাচক টনি ডোডেমেইড বলেন, 'আমাদের মনে হয়েছে, শ্রীলঙ্কা যাওয়ার আগে পরিচিত কন্ডিশনে হ্যাজেলউডের পুনর্বাসন চালিয়ে যাওয়াটাই বেশি কার্যকর হবে।'
হ্যাজেলউড কবে নাগাদ ফিরতে পারেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। বিশ্বকাপে তার ফেরা নিয়েও শঙ্কা আছে।
এমনটা হলে অস্ট্রেলিয়া একই টুর্নামেন্টে প্যাট কামিন্স, হ্যাজেলউড ও মিচেল স্টার্ক- এই তিন মূল পেসারকে একসঙ্গে পাবে না। এরই মধ্যে চোটের কারণে কামিন্স ছিটকে গেছেন, আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন স্টার্ক।
দল হিসেবেও খুব একটা ছন্দে নেই অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তারা হেরেছে ৩–০ ব্যবধানে, যেখানে শেষ ম্যাচে ১১১ রানের হারটি টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়ার সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।