পাকিস্তান তাদের একটি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে: কপিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্তে হতাশ কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান ঘোষণা দেয়, তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না। আইসিসি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করায় এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, 'এই সিদ্ধান্ত যদি খেলোয়াড়দের হয়, তাহলে তারা সামনে এসে বলতে পারে। কিন্তু যদি বোর্ড নির্দেশ দেয় যে ম্যাচ খেলবে না, তাহলে এতে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হয়।'

পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কপিলের ভাষায়, 'এটা পাকিস্তানের জন্য ভালো দেখাচ্ছে না। তোমরা একটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছ। পাকিস্তান অতীতে দারুণ সব প্রতিভা উপহার দিয়েছে, কিন্তু এই ছেলেদের বিশ্বকাপে খেলতে না দিলে খেলাটাই ক্ষতিগ্রস্ত হবে। তোমরা নিজেদের ক্রিকেটারদের সাথেই অবিচার করছো।'

আইসিসিও পাকিস্তানের এই অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং দীর্ঘমেয়াদি প্রভাবের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। শেষ পর্যন্ত পাকিস্তান যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে সমর্থক হারানোর ঝুঁকিও দেখছেন কপিল দেব।

এ প্রসঙ্গে কপিল বলেন, 'দর্শকরা হয়তো দুঃখ পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। সবাই সামনে এগিয়ে যাবে। শেষ পর্যন্ত কেউ তাদের জন্য অপেক্ষা করবে না। ক্রিকেট এগিয়ে যাবে, মানুষও এগিয়ে যাবে।'

আরো পড়ুন: