ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার সাকিবের দলের মালিক

এলপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের এক মালিককে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বিশেষ তদন্ত ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দলের হয়েই খেলার কথা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।

এলপিএলের ইতিহাসে এমন ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে একবার এলপিএলের নিলামের পরপরই আরেক ফ্র্যাঞ্চাইজির এক মালিককে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

এবার ২০২৬ এলপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ক্রীড়াঙ্গনে দুর্নীতির অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবে জাফনা কিংসের মালিকদের একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

গতকাল (১৬ জুলাই) মেজর লিগ ক্রিকেট (এমএলসি) থেকে সাকিবের দল এমআই নিউইয়র্ক বাদ পড়ায় দ্রুতই শ্রীলঙ্কায় পৌছানোর কথা সাকিবের। অন্যদিকে সরাসরি চুক্তিকে জাফনা তাসকিনকে দলে ভেরানোর পর জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দিয়ে পুরো আসরে খেলার জন্যই তাকে অনাপত্তিপত্র দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, জিম্বাবুয়ে সফরে দলের অন্য পেসারদের ইনজুরি সমস্যার কারণে পরবর্তীতে তাকে আবারও টি-টোয়েন্টি দলে ডাকা হয়। তাই ১৯ জুলাই সিরিজের শেষ ম্যাচ খেলেই জাফনা দলের সাথে যোগ দেবেন তাসকিন।

ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের অন্যতম কঠোর আইন রয়েছে শ্রীলঙ্কায়। দেশটির 'প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট' অনুযায়ী ম্যাচ পাতানো, স্পট ফিক্সিংসহ খেলায় যেকোনো ধরনের কারসাজি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এসব অপরাধে দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শুক্রবার (১৭ জুলাই) পর্দা উঠছে এলপিএলের নতুন মৌসুমের। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে ২০২৪ আসরের ফাইনালের পুনরাবৃত্তি, বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গলের লড়াই। সবশেষ ২০২৪ সালে হয়েছিল শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই লিগ।

আরো পড়ুন: