গলে লিটনের বদলি সোহান

এলপিএল
গল গ্যালান্টস
গল গ্যালান্টস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে সেরে উঠতে না পারায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন দাস। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে গল গ্যালান্টস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লিটন ছিটকে যাওয়ার পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘আপনার মতে কোন বাংলাদেশি ক্রিকেটার গল গ্যালান্টসে যোগ দিচ্ছেন?’ লিখে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি। একদিন পর বাংলাদেশি সেই ক্রিকেটারের নাম জানিয়েছে গল।

যেখানে লিটনের বদলি হিসেবে প্রথমবারের মতো শ্রীলঙ্কার লিগে খেলার সুযোগ পেয়েছেন সোহান। বর্তমানে জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরে আছেন সোহান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ডাম্বুলা পর্বে যোগ দেবেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার স্বদেশী লিটন কুমার দাসের বদলি হিসেবে গল গ্যালান্টস দলে যোগ দিচ্ছেন। লিটন চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন। বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ শেষে নুরুল গল গ্যালান্টস স্কোয়াডে যোগ দেবেন এবং টুর্নামেন্টের ডাম্বুলা পর্ব থেকে তাকে পাওয়া যাবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেশির চোটে পড়েছিলেন লিটন। চোটের কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যান। এলপিএলে খেলার জন্য টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না লিটন। তবে চোট থেকে সেরে না ওঠায় পুরো মৌসুমের এনওসি পাওয়ার পরও এলপিএলে খেলা হচ্ছে না ডানহাতি ব্যাটারের।

আরো পড়ুন: