নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ছেন রঙ্কি

নিউজিল্যান্ড ক্রিকেট
লুক রঙ্কি, ফাইল ফটো
লুক রঙ্কি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষেই নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়বেন লুক রঙ্কি। বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ছয় বছরের অধ্যায়ের ইতি টানছেন তিনি।২০২০ সালে পিটার ফুলটনের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ডের পূর্ণকালীন ব্যাটিং কোচের দায়িত্ব নেন রঙ্কি। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ পর্যন্ত কিউই দলের সঙ্গে থাকবেন তিনি, এরপরই অস্ট্রেলিয়ায় নতুন দায়িত্বে যোগ দেবেন।

রঙ্কির সময়টাকে নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল অধ্যায় হিসেবে ধরা হয়। তার কোচিংয়ে ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড। এছাড়া ২০২১ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে দলটি।

নিউজিল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও রঙ্কির অধীনে খেলেছিল ফাইনাল। তার সময়েই ২০২৪ সালে ভারতে ৩-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, ২০২৪ ও ২০২৬ সালে ভারতে ওয়ানডে সিরিজ জয় এবং সম্প্রতি ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করে কিউইরা।

রঙ্কির বিদায়ে আক্ষেপ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। তিনি বলেন, ‘রঙ্কি এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন, কোচ হিসেবেও তেমনি দলের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। তার মতো একজনকে হারানো অবশ্যই হতাশাজনক।’

ল্যাথাম আরও বলেন, ‘দলের প্রায় সব ব্যাটারই বলবে, তার অধীনে নিজেদের খেলায় উন্নতি হয়েছে। তিনি সবসময় দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রমের প্রতিফলন মাঠেও দেখা গেছে। আমরা তাকে খুব মিস করব, তবে তার নতুন যাত্রার জন্য শুভকামনা রইল।’

জাতীয় দলের সঙ্গে ছয় বছরের পথচলার স্মৃতিচারণ করে রঙ্কি বলেন, ‘জাতীয় দলে ফিরে কোচিং করার সুযোগ পাওয়া আমার জন্য স্বপ্নপূরণ ছিল। এত বছর খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য ছিল ব্যাটারদের সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে সাহায্য করা। পেছনে তাকালে অনেক স্মরণীয় মুহূর্ত চোখে পড়ে, যেগুলোর অংশ হতে পেরে আমি গর্বিত। সামনে দলের সাফল্য আমি আগ্রহ নিয়ে দেখব এবং সবার জন্য শুভকামনা থাকবে।’

আরো পড়ুন: