ভারতের গণমাধ্যমে লর্ডসেই রোহিতের অবসরের গুঞ্জন

ইংল্যান্ড-ভারত সিরিজ
রোহিত শর্মা, ফাইল ফটো
রোহিত শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই নাকি দেশের হয়ে এই সংস্করণে শেষবার মাঠে নামতে পারেন তিনি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার পর এবার এক দিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার।

ইন্ডিয়ান এক্সপেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রধান কোচ গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে নির্বাচক কমিটির সদস্যরা রোহিতের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাকে জানানো হয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ইয়াশভি জয়সাওয়ালের মতো ক্রিকেটারদের নিয়মিত সুযোগ করে দেয়ার লক্ষ্যে এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রোহিতকে ঘিরে পরিকল্পনা রাখতে আগ্রহী নন নির্বাচকরা।

ইংল্যান্ড সফরের মাঝেই কয়েকজন বোর্ড কর্মকর্তার সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন রোহিত। প্রতিবেদনে এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, 'নির্বাচকদের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন। তবে তাতে সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসেনি।'

একই সঙ্গে জানানো হয়েছে, টেস্ট থেকে অবসরের পর থেকেই আগামী দিনের দল গড়ার কাজ এগিয়ে নিতে চায় নির্বাচক কমিটি। গত বছর ওয়ানডে দলের নেতৃত্বও হারিয়েছিলেন রোহিত। এরপরও ব্যাট হাতে নিয়মিত অবদান রেখে গেছেন তিনি। নেতৃত্ব ছাড়ার পর ১৩টি ওয়ানডে ম্যাচে তার সংগ্রহ ৫৬৩ রান। এ সময়ে হাঁকানো একটি সেঞ্চুরি ও চারটি ফিফটিও রয়েছে তার ঝুলিতে। তবু ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণদের দিকে ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি সম্প্রতি সেই গণমাধ্যমকে বলেন, 'সাদা বলের ক্রিকেটে রোহিতের অবদান অনেক বড়। প্রধান কোচও চান, সে নিজের স্বাভাবিক খেলাটাই খেলুক। সমালোচনার মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু তাকে সময় দেয়ার পক্ষেই তিনি।'

একই সূত্র আরও জানায়, 'রোহিতের মতো ক্রিকেটার যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই প্রতিটি ইনিংস আলাদা করে বিচার করার প্রয়োজন নেই। দীর্ঘ সময় ধরে দেশের হয়ে ধারাবাহিকভাবে খেলা একজন অভিজ্ঞ ব্যাটারের পাশে থাকাই গুরুত্বপূর্ণ।'

রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই তাকে সমর্থন জানিয়েছেন বর্তমান অধিনায়ক শুভমান গিল। তার ভাষায়, 'গত এক দশক ধরে বিরাট কোহলি ও রোহিত শর্মা আমাদের ব্যাটিংয়ের মূল ভরসা। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিস্থিতিতে তারা ধারাবাহিকভাবে রান করেছে এবং অসংখ্য ম্যাচ জিতিয়েছে।'

যদিও রোহিত শর্মার অবসর নিয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লর্ডসের ম্যাচের পর তার ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার চিত্র পাওয়া যেতে পারে।

আরো পড়ুন: