গ্রুপ পর্বের শেষ ম্যাচে লক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিততেই হবে পাঞ্জাবকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও। ম্যাচের আগে দলের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ রিকি পন্টিং। তার মতে, ছোটো ছোটো ভুলের কারণে তাদের বড় মাশুল দিতে হয়েছে সাম্প্রতিক ম্যাচগুলোতে।
এ প্রসঙ্গে পন্টিং বলেন, 'আমরা আমাদের প্রথম ছয় বা সাতটি ম্যাচে অসাধারণ ছিলাম। তারপর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আমাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়, এবং আমার মনে হয় সেখান থেকেই আমরা কিছুটা ছন্দ হারাই। আসলে এগুলো খুবই ছোট ছোট বিষয়।'
তিনি আরও বলেন, 'এক-দুইটি বল বা একটি ওভার এদিক-ওদিক হলেই আমরা আরও তিন-চারটি ম্যাচ জিততে পারতাম, কিন্তু এর দায় আমাদেরই নিতে হবে। গত কয়েক সপ্তাহে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি বলেই এই অবস্থায় আছি, তবে আমরা জানি আমাদের সেরা ক্রিকেট কেমন এবং জয়ের জন্য কী করতে হবে—এটাই এখন আমাদের একমাত্র মনোযোগ।'
লক্ষ্ণৌ ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে পন্টিংয়ের মতে, এই ধরনের দলগুলো বিপজ্জনক হতে পারে, কারণ তাদের হারানোর কিছু নেই এবং তারা স্বাধীনভাবে খেলতে পারে। সাম্প্রতিক চার ম্যাচে তিন জয় পাওয়া লক্ষ্ণৌকে তাই হালকাভাবে নিচ্ছেন না তিনি।
পন্টিং বলেন, 'লক্ষ্ণৌয়ের আর হারানোর কিছু নেই, তাই তারা খুবই বিপজ্জনক দল হতে পারে। আমরা এটা জানি। আমরাও চাই একইভাবে খেলতে—নির্ভীক ও সাহসী ক্রিকেট। আমরা যেন ভয় না পেয়ে ম্যাচটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করি এবং ইতিবাচক সিদ্ধান্তে প্রভাব ফেলি।'