বাঁচা মরার ম্যাচের আগে বড় ধাক্কা খেল কলকাতা

আইপিএল
অংকৃষ রঘুবংশী
অংকৃষ রঘুবংশী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। দলের সর্বোচ্চ রানসংগ্রাহক অংকৃষ রঘুবংশী ছিটকে গেছেন টুর্নামেন্টের বাকি অংশ থেকে। কনকাশন ও বাঁ হাতের আঙুলে চোটের কারণে আর মাঠে নামতে পারবেন না এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। রবিবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচের আগে এই খবর দলটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। গত বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে চোট পান রঘুবংশী।

মুম্বাই ইনিংসের ১১তম ওভারে তিলক ভার্মার ক্যাচ নেওয়ার চেষ্টায় সতীর্থ বরুণ চক্রবর্তীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় রঘুবংশীর। দুজনই মাটিতে পড়ে যান, আর ক্যাচটিও হাতছাড়া হয়। তবে এতে বেশি আহত হন রঘুবংশী। এরপর কিছু সময় মাঠে থাকলেও ১৪তম ওভারের পর মাঠ ছাড়েন রঘুবংশী।

তার বদলি হিসেবে উইকেটকিপিংয়ে নামেন তেজস্বী দাহিয়া। পরে কনকাশন সাব হিসেবেও রঘুবংশীর জায়গা নেন তিনি। সেই ম্যাচে ৪ উইকেটের জয় পায় কলকাতা। চলতি আসরে কলকাতার ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন ২১ বছর বয়সী রঘুবংশী। ৪২২ রান করেছেন তিনি। গড় ৪২.২০ এবং স্ট্রাইক রেট ১৪৬.৫২। করেছেন পাঁচটি হাফ সেঞ্চুরিও।

প্লে-অফে উঠতে হলে দিল্লির বিপক্ষে জয়ের বিকল্প নেই কলকাতার। তবে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারের ছিটকে যাওয়া কলকাতার জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: