স্লো ওভাররেটের কারণে অধিনায়কদের শাস্তি পাবার ঘটনা অনেকটা সাধারণ দৃশ্য। তবে, ম্যাচ চলাকালীন ডেভিডের কান্ডে বেশ অবাকই হয়েছেন সবাই। ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডেভিডের হাকানো ছক্কা আছড়ে পড়ে স্টেডিয়ামের গ্যালারিতে। বলটি গ্যালারি থেকে ফেরত পাঠানো হলে বলের আকৃতিতে পরিবর্তন ও বল অতিরিক্ত ভেজা মনে হয় আম্পায়ারদের কাছে।
বল পরিবর্তনের লক্ষ্যে বলের একটি বাক্স নিয়ে মাঠে আসেন চতুর্থ আম্পায়ার। নিয়ম অনুযায়ী, মাঠের আম্পায়াররা বাক্সের বল পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিলেন। কিন্তু এর মাঝে ব্যাটার ডেভিড বাক্স থেকে একটি বল নিয়ে খেলার ছলে পরীক্ষা করছিলেন। আম্পায়াররা বারবার তাকে বলটি ফেরত দিতে বললেও তাৎক্ষণিকভাবে তা ফেরত দেননি ডেভিড।
কিছুক্ষণ বলটি নিজের হাতে রাখার পর ডেভিড সেটি ফেরত দেন। ইনিংসের ২০তম ওভারে আবারো একই ধরণের কাজ করেন তিনি। মাঠে আম্পায়ারের নির্দেশ অমান্য করায় আইপিএলের কোড অফ কন্ডাক্টের ধারা-১ ভেঙেছেন তিনি। এর শাস্তি হিসেবে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট যুক্ত হয়েছে ডেভিডের নামের পাশে।
ডেভিডের শাস্তির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ বলে, 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার টিম ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে খেলোয়াড় ও দলীয় কর্মকর্তাদের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধির ধারা-১ ভঙ্গ করার কারণে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ম্যাচ চলাকালীন আম্পায়ারের নির্দেশ অমান্য করা’-এর অন্তর্ভুক্ত ২.৪ অনুচ্ছেদ ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।'
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০তম ওভারে, যখন তিনি আবারও আম্পায়ারদের কাছে বলটি তুলে দেননি, যা আম্পায়ারদের নির্দেশ বা নির্দেশনা বারবার অমান্য করার শামিল। ডেভিড তার অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।'
এদিকে স্লো ওভাররেট সংক্রান্ত আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা ভাঙায় ১২ লাখ রুপি জরিমানা গুণতে হবে হার্দিককে। এবারের টুর্নামেন্টে মুম্বাইয়ের স্লো ওভাররেটের ঘটনা প্রথমবার ঘটায় কিছুটা অল্পতেই ছাড় পেয়েছেন হার্দিক।
হার্দিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ধীরগতির ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে। যেহেতু এটি এই মৌসুমে তার দলের প্রথম অপরাধ ছিল, আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদের অধীনে, তাই তাকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।'