পেশোয়ারকে দারুণ শুরু এনে দেয়া শরিফুলে মুগ্ধ বাবর

পিএসএল
শরিফুল ইসলাম, ফাইল ফটো
শরিফুল ইসলাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল পেশোয়ার জালমি। ছয় ম্যাচে পাঁচ জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে অবস্থান করছে। প্রতিটি ম্যাচেই দলটির পারফরম্যান্স ছিল বেশ পরিমিত ও নিয়ন্ত্রিত।

এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। চার ম্যাচে সাতটি উইকেট নিয়ে এবারের আসরের সেরা বোলারদের তালিকায় উপরের দিকেই আছেন রানা। অন্যদিকে শরিফুল উইকেট কম (পাঁচ ম্যাচে দুটি) পেলেও নতুন বলে দলের জন্য গুরুত্বপূর্ণ শুরু এনে দিচ্ছেন নিয়মিতভাবে।

গতকাল রাতের ম্যাচে মুলতান সুলতান্সকে ২৪ রানে হারিয়েছে পেশোয়ার। এই ম্যাচে বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখেন দুই বাংলাদেশি। অধিনায়ক বাবর আজম ম্যাচ শেষে তাদের অবদান তুলে ধরেন, 'বোলিংয়ের ক্ষেত্রে বলতে গেলে, শরিফুল ভালো শুরু এনে দিচ্ছে। নতুন বলেও ইফতিখার ভালো করছে।'

একই সঙ্গে দলগত পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানান বাবর। তার মতে, এখন পর্যন্ত দল সঠিক পথে এগোচ্ছে এবং ছন্দ ধরে রাখতে পারলে সামনে আরও ভালো ফল পাওয়া সম্ভব। 'দল হিসেবে আমরা ভালো খেলার চেষ্টা করছি। অর্ধেক আসর শেষ হয়েছে, সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।'

তবে এখানেই থেমে থাকতে চান না এই অধিনায়ক। ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে প্রতিটি ম্যাচে নতুনভাবে লড়াই করার কথাও জানান তিনি, 'মোমেন্টাম আমাদের দিকেই আছে। আমরা আরও উন্নতি করতে চাই এবং প্রতিটি ম্যাচে জয় বের করে আনাই লক্ষ্য।'

পরিসংখ্যানের দিক থেকেও নাহিদ রানা এবারের আসরে অন্যতম নিয়ন্ত্রিত বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার রান খরচের হার (৫.৪৩ ইকোনমি রেট) বেশ কম, আর ডট বলের হারও (৬১.৬৭%) চোখে পড়ার মতো। ৪৬.৯৭% ডট বল নিয়ে শরিফুল ইসলামও এই তালিকায় সেরা পাঁচে আছেন, যা দলের বোলিং শক্তিকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

তবে এই ম্যাচের পরই জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরছেন নাহিদ ও শরিফুল। তাদের ফিরে যাওয়া পেশোয়ারের জন্য সাময়িকভাবে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

আরো পড়ুন: