মৃত্যুর পর ম্যাচ শেষে মাঠেই তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল, যা উপস্থিত সবার মনে গভীর প্রভাব ফেলে। সেই ঘটনার পর থেকেই তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় বোর্ড। অবশেষে তার প্রাপ্য অর্থ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
বোর্ডের বর্তমান দায়িত্বপ্রাপ্ত এডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, 'আসসালামু আলাইকুম। মাহাবুব আলী জাকি সাহেব, যিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে খেলার আগে তিনি মৃত্যুবরণ করেন। আজ বোর্ডের পক্ষ থেকে তার পরিবারের হাতে তার প্রাপ্য অর্থ তুলে দেওয়া হয়েছে।'
কোচ ও খেলোয়াড়দের প্রতি বোর্ডের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন নতুন এই পরিচালক। তাদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি আবারও উল্লেখ করা হয় এই উদ্যোগের মাধ্যমে, 'আমরা মনে করি, আমাদের কোচ ও খেলোয়াড়রাই সবচেয়ে বড় অংশীদার। তাদের জন্যই আমাদের এই আয়োজন এবং সেই দায়িত্ব থেকেই আমরা এই অর্থ প্রদান করেছি।'
প্রয়াত কোচের পরিবারের সদস্যরাও এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার ছেলে মেহফুজ আলী বোর্ডের আচরণে সন্তুষ্টি জানিয়েছেন, 'বোর্ড আমাদের পরিবার হিসেবেই দেখেছে। আমার বাবা এখানে কাজ করতেন, সেই জায়গা থেকে আমাদেরও আপনজনের মতো দেখা হয়েছে। আমরা এতে অনেক খুশি।'
একই অনুভূতি ব্যক্ত করেছেন তার স্ত্রী ফাহমিদা আক্তার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, 'আমার স্বামীর সবচেয়ে প্রিয় জায়গা ছিল বোর্ড। সবাই আমাদের খুব সুন্দরভাবে দেখছে এবং সবকিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।'
মাহাবুব আলী জাকি দায়িত্ব পালনরত অবস্থাতেই পৃথিবী থেকে বিদায় নেন। তার এই আকস্মিক প্রয়াণ যেমন শোকের জন্ম দিয়েছে, তেমনি তার পরিবারের পাশে দাঁড়িয়ে বোর্ড মানবিকতার একটি দৃষ্টান্তও স্থাপন করেছে।