চার ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে দলটি। অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারে ভরপুর দল হওয়া সত্ত্বেও এখনো ছন্দ খুঁজে পায়নি মুম্বাই, যা দলটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচ শেষে হার্দিক বলেন, 'অনেক কিছু নিয়েই নতুন করে ভাবতে হবে। ব্যাটিং ও বোলিং- দুটি দিকেই আমাদের বিকল্প খুঁজতে হবে। ভালো ব্যাটিং ও বোলিং করতে পারলে টস যাই হোক, আমরা ঠিক থাকব।'
বিশেষ করে শুরুর ওভারগুলোতে দলটির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে। বোলিংয়ে শুরুতে উইকেট না পাওয়া এবং মূল বোলারের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রতিপক্ষকে সুবিধা করে দিচ্ছে। ফলে অন্য বোলারদের ওপর সহজেই চড়াও হতে পারছে প্রতিপক্ষের ব্যাটাররা।
হার্দিক বলেন, 'গত কয়েক ম্যাচে ব্যাটিং ও বোলিং, দুটি ইউনিট হিসেবেই আমরা পিছিয়ে থেকেছি। আমাদের বুঝতে হবে কীভাবে শুরুটা ভালো করা যায় এবং কীভাবে ম্যাচে গতি আনা সম্ভব।'
ব্যাটিং বিভাগেও ধারাবাহিকতার অভাব চোখে পড়ছে। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না, আর তিলক ভার্মার ব্যর্থতায় চাপ আরও বেড়েছে। ফলে দলকে নতুন সমন্বয় নিয়ে ভাবতে হতে পারে। আগামী ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে মুম্বাই।