দিল্লির বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংসটি স্যামসন খেলেন ৫৬ বলে। এই ইনিংসের মাধ্যমে দলকে টানা তিন ম্যাচ পর জয় পাইয়ে দেয়ার পাশাপাশি নিজের ফর্ম নিয়েও সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
স্যামসনের এমন পারফরম্যান্সের পর দলের বোলিং কোচ এরিক সিমন্স তাকে তুলনা করেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে, 'ধোনির সঙ্গে দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে, তিনি সবচেয়ে শান্ত ক্রিকেটারদের একজন। সাঞ্জুও সেই জায়গা থেকে খুব বেশি পিছিয়ে নেই।'
তিনি আরও বলেন, 'তার মধ্যে কোনো অস্থিরতা দেখি না, অতিরিক্ত কিছু করার প্রবণতাও নেই। বরং সে খেলা বুঝে এবং আত্মবিশ্বাস ধরে রাখে, যা বড় খেলোয়াড়দের বৈশিষ্ট্য।'
স্যামসনের সাম্প্রতিক শতরানকে নিয়ে সিমন্স আরও জানান, বড় মানের খেলোয়াড়দের ক্ষেত্রে খারাপ সময় সাময়িক, 'এই মানের খেলোয়াড়দের জন্য খারাপ সময় স্থায়ী নয়। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে হয়, ধৈর্য ধরতে হয়- সাফল্য তখনই ফিরে আসে।'
এই ইনিংসের মাধ্যমে স্যামসন একটি বিশেষ কীর্তিও গড়েছেন। তিনি এখন তিনটি ভিন্ন দলে শতরান করা প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। চেন্নাইয়ের জার্সি গায়ে ছাড়াও রাজস্থান রয়্যালসের হয়ে দুটি এবং দিল্লির হয়ে একটি সেঞ্চুরি আছে তার।