এই ইনিংসে ছিল ১৫টি চার ও চারটি ছক্কা। শুরুতে কিছুটা ধীর গতিতে খেললেও পরে ধীরে ধীরে আক্রমণ বাড়ান তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার ব্যাটিংই দলের বড় সংগ্রহ গড়ার ভিত্তি তৈরি করে দেয়।
শতরান পূর্ণ করার পর ডাগআউটের দিকে বিশেষ ভঙ্গিতে স্যালুট দিতে দেখা যায় স্যামসনকে। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, 'ওটা স্টিফেন ফ্লেমিংয়ের জন্য ছিল। দীর্ঘ সময় ধরে একটি দলকে সামলানো কতটা কঠিন, তা আমি জানি। এই ইনিংসটি আমি তাকে উৎসর্গ করতে চেয়েছি।'
তিনি আরও বলেন, 'শুরুর দিকে টানা ব্যর্থতায় কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল। তাই আমি স্বাভাবিক ব্যাটিংয়ে মন দিয়েছি এবং বল দেখে ঠিকভাবে টাইমিং করার ওপর জোর দিয়েছি।'
ম্যাচে তরুণ আয়ুশ মাহাত্রের সঙ্গে ১১২ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন স্যামসন। মাহাত্রে করেন ৫৯ রান। তাদের এই জুটির ওপর ভর করেই চেন্নাই লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়।
পরে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসকে আটকে দেয় চেন্নাই। এর ফলে আসরের প্রথম জয় তুলে নেয় তারা। নতুন দলে যোগ দিয়েও দ্রুত মানিয়ে নেয়ার কথাও জানিয়েছেন স্যামসন। তার এই ইনিংস ও দলের জয় মিলিয়ে এখন নতুন উদ্যমে এগিয়ে যেতে চায় চেন্নাই শিবির।