‘আম্পায়ারকে মারলে কয় ম্যাচ নিষেধাজ্ঞা’, মন্তব্য করে নিষিদ্ধ ক্রিকেটার

নেপাল ক্রিকেট
নেপালের ক্রিকেটার কেসি কারান
নেপালের ক্রিকেটার কেসি কারান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার কারান কেসি। নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ফেসবুকে আম্পায়ারকে মারার ঘোষণা দেয়ায় রোববার দুপুরে কারানের শাস্তির সিদ্ধান্ত দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। নিষেধাজ্ঞার সঙ্গে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের ম্যাচ ফির শতভাগ জরিমানাও করা হয়েছে।

নেপালে চলছে পিএম কাপ। গত শুক্রবার মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। ম্যাচের এক পর্যায়ে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই তীব্র প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে।

আম্পায়ারের সঙ্গে লামিচানে তখন উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। সেই মুহূর্তের ছবি পোস্ট করে 'ট্রল ক্রিকেট নেপাল' নামের একটি মিম পেজ। সেখানেই কমেন্টে উস্কানিমূলক মন্তব্য করেন কারান।

তিনি লিখেন, 'কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও জানার জন্য।'

এই মন্তব্য চোখ এড়ায়নি নেপালের ক্রিকেট কর্তাদের। এমনকি এর প্রতিবাদ জানান নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও লাভ হয়নি কারানের।