আইপিএলে মুস্তাফিজ ২০১৮ মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। সেই সময় মুম্বাইয়ের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন কিউই এই সাবেক পেসার। সেখানেই মুস্তাফিজের বোলিং সামনে থেকে দেখেছিলেন বন্ড। এরপর থেকেই বাংলাদেশের এই পেসারের নাম ভাবনায় ছিলন বার্মিংহ্যামের এই কোচের।
মুস্তাফিজকে দলে নেয়ার পরিকল্পনা জানিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে বন্ড বলেছেন, 'আমি মুম্বাইয়ে মুস্তাফিজের সঙ্গে আগে কাজ করেছি। আমাদের একটা সম্পর্ক আছে। ও গেম চেঞ্জিং বোলার। মুস্তাফিজ অনন্য এবং ও যে অফ-স্পিনটা করে...আমার মনে হয় ওর গতির পরিবর্তন খেলায় অনেক বড় প্রভাব ফেলবে। মুস্তাফিজ এ ক্ষেত্রে অন্যতম সেরা।'
এবারও আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজের। তাকে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্রবাদীদের হুমকির মুখে এই পেসারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর অবশ্য পিএসএলে নাম লিখিয়েছেন এই কাটার মাস্টার। তাকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজের চাহিদা এখন তুঙ্গে। ইংল্যান্ডের কন্ডিশন বরাবরই পেস বোলিং বান্ধব। সেখানে মুস্তাফিজের বোলিং কাজে লাগবে বলে মনে করেন বার্মিংহ্যামের এই কোচ।
ইংল্যান্ডের বিভিন্ন মাঠে বল ঘুরবে বলে আশাবাদী বন্ড। তাই মুস্তাফিজ বার্মিংহ্যামের কাজে আসবে বলে মনে করেন তিনি। বন্ড যোগ করেন, ‘আমরা একটা গবেষণা করেছি। সেখানে দেখা গেছে ইংল্যান্ডের বেশ কিছু মাঠে সিজন যত যাবে বল ঘুরতে শুরু করবে। এখন যদি আপনার কাছে মুস্তাফিজ থাকে, তাহলে অনেক কাজে আসবে।’
মুস্তাফিজ ছাড়াও দলটিতে আছেন এক ঝাঁক বোলার। ইংল্যান্ডের রেহান আহমেদ, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও সাউথ আফ্রিকার ডেনোভান ফেরেইরার রয়েছেন। একাদশে জায়গা পেতে তাদের সঙ্গে লড়াই করতে হবে মুস্তাফিজকে। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের এই একশ বলের টুর্নামেন্ট।