এবারের বিশ্বকাপে ৩ নম্বরে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিলক ভার্মা। পাঁচ ম্যাচে তিনি মোটে ১০৭ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক রেটও ১২০ এর নিচে। পাঠানের মতে সূর্যকুমারই বড় সমাধান হতে পারেন ভারতের জন্য। তবে তিলককে বাদ দিতে বলছেন না সাবেক এই ক্রিকেটার। চারে তাকে ব্যাটিং করানো যেতে পারে বলে ধারণা ইরফানের।
তিনি বলেন, 'হয়তো সূর্যকুমারের তিন নম্বরে ব্যাট করা উচিত। এতে টানা তিনজন বাঁহাতি ব্যাটসম্যানের ধারাটা ভেঙে যাবে এবং একঘেয়েমিও কমবে।'
ভারত সর্বশেষ দুই ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে একাদশে। তার পরিবর্তে অক্ষর প্যাটেলকে আবারও একাদশে ফেরানোর পরামর্শ দিয়েছেন পাঠান। তিনি যোগ করেন, 'অক্ষর প্যাটেলের দলে থাকা উচিত। সে বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো বল করতে পারে। অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটিংয়েও তাকে যেকোনো পজিশনে ব্যবহার করা যায়।'
এদিকে অভিষেক শর্মার বাজে ফর্মও ভাবাচ্ছে ভারতকে। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ১৫ রান করেছেন তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে। পাঠান মনে করেন ভারত সাঞ্জু স্যামসনের কথা ভাবতে পারে। তবে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন সাবেক এই ভারতীয় পেসার।
পাঠান যোগ করেন, 'হ্যাঁ, বাঁহাতি ব্যাটসম্যানের বিষয়টি আছে। সাঞ্জু স্যামসনের কথাও ভাবা হতে পারে। তবে আমি চাই না ভারতীয় দল খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করুক। আমার মতে, একটিই পরিবর্তন করা উচিত। অক্ষর প্যাটেলকে দলে আনা উচিত।'