জিএসএলে পার্থের হেড কোচ ক্যাটিচ

জিএসএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগামী আসরে খেলবে পার্থ স্কচার্স। ২৩ জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া সেই টুর্নামেন্টে প্রধান কোচ অ্যাডাম ভোজেসকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। জিএসএলের আগামী মৌসুমের জন্য ভোজেসের জায়গায় সাইমন ক্যাটিচকে প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে পার্থ। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

২৩ জুলাই শুরু হওয়া জিএসএলের ফাইনাল হবে ১ মার্চ। পাঁচ দলের টুর্নামেন্টের আগামী মৌসুমে খেলবে পার্থ। কদিন আগে সিডনি সিক্সার্সকে হারিয়ে অস্ট্রেলিয়ার টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। বিগ ব্যাশ চলাকালীন পার্থের প্রধান কোচ ছিলেন ভোজেস। এখনো পর্যন্ত দলটির হয়ে তিনটি শিরোপাও জিতেছেন তিনি।

আগামী জুলাই-আগষ্টে হতে যাওয়া দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের সহকারী কোচ হিসেবে কাজ করবেন ভোজেস। যে কারণে গায়ানার জিএসএলে প্রধান কোচ হিসেবে তাকে পাচ্ছে না পার্থ। এমতাবস্থায় জিএসএলে পার্থের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাটিচ। ২০১৩-১৪ মৌসুমে বিগ ব্যাশের শিরোপা জেতা পার্থের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

কয়েক বছর দলটির পরামর্শক হিসেবে কাজ করেছেন ক্যাটিচ। কদিন আগে কাজ করেছেন দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে। এ ছাড়া আইপিএলে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্সেরও কোচের দায়িত্ব সামলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। সিপিএলে ২০১৭ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।

আগষ্টের মাঝামাঝি সময়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ম্যাচ থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত না। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে পারেননি টিম ডেভিড ও ন্যাথান এলিস। তবে বাংলাদেশের সঙ্গে সিরিজ হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া।

এমন পরিস্থিতিতে মিচেল মার্শ, কুপার কনোলি ও জশ ইংলিসদের পার্থের হয়ে খেলতে দেখা গেলেও যেতে পারে। জিএসএলের আগামী মৌসুমের জন্য এখনো পর্যন্ত তিনটি দল চূড়ান্ত হয়েছে। বিগ ব্যাশের পার্থের সঙ্গে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স খেলবে। বাকি কোন দুইটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে সেটা এখনো চূড়ান্ত নয়।

ক্রিকইনফো জানিয়েছে, সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি চ্যাম্পিয়ন সানরাইজার্স ইষ্টার্ন কেপকে আমন্ত্রণ জানালেও তাদের খেলার সম্ভাবনা ক্ষীণ। টুর্নামেন্টের প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। প্রথম মৌসুমে নুরুল হাসান সোহানরা চ্যাম্পিয়নও হয়েছে। জিএসএলের আগামী আসরে খেলতে চায় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তবে সেটার জন্য গায়ানা থেকে আমন্ত্রণ আসতে হবে।

বিপিএলের কোনো দলকে আমন্ত্রণ জানানো হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। রাজশাহী আমন্ত্রণ পেলেও জিএসএলে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, হাসান মুরাদদের খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ ওই সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশের। যদিও ১ আগষ্ট টুর্নামেন্টটি শেষ হবে। তবুও গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে তাদেরকে টি-টোয়েন্টি খেলার জন্য ছাড়পত্র দেওয়া হবে কিনা সেটা নিয়েও সংশয় আছে।

আরো পড়ুন: