সাধারণত বেশ কয়েকটি ক্যাটাগরিতে স্পন্সরশিপ নিয়ে থাকে বিসিবি। টিম স্পন্সরশিপ রাইটস, অফিশিয়াল টিম কিটস পার্টনার, অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এবারই দেখা যাবে ট্রান্সপোর্টেশন পার্টনার।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, ৫ নভেম্বর থেকে। পুরো সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে গাড়ি বুকের ব্র্যান্ডিং থাকবে।
মিরপুরে গাড়িবুক ও বিসিবির মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক মো. মাসুদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে গাড়ি বুক ডট কম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবে। এটার জন্য তারা আমাদের বোর্ডকে ২৫ লক্ষ টাকা দিচ্ছেন। ভবিষ্যতেও তারা থাকবেন।’
এ ছাড়া গাড়ি বুকের প্রতিনিধি হিসেবে আসা ব্যক্তিও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলে, ‘আমরা ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের একটা স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকতে চাই।’