অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সাউথ আফ্রিকা স্কোয়াড ঘোষণা

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
সাউথ আফ্রিকা, ফাইল ফটো
সাউথ আফ্রিকা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাউথ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থতার পর তাকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ম্যাথু ব্রিটজকেকে। আগামী ১৮ অক্টোবর গকেবেরহায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ডারবানে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ৩২ ও ১ রান করেন স্টাবস। তার জায়গায় দলে সুযোগ পাওয়া ব্রিটজকে সাউথ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন। তবে সাদা পোশাকে তার রান মাত্র ১৪। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭.০৩ গড়ে রান করেছেন এই ব্যাটার।

সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভালো ফর্মে থাকায় ব্রিটজকেকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচে শতক করেছিলেন এই ব্যাটার।

কনরাড বলেন, 'ম্যাট আগে থেকেই আমাদের দলের সঙ্গে ছিল। এক দিনের ক্রিকেটে তার দুর্দান্ত ফর্ম তাকে এগিয়ে রেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তার মানসিকতা ও ব্যক্তিত্ব।'

দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন রায়ান রিকেলটন। ফলে সাম্প্রতিক সময়ে রানখরায় থাকা কাইল ভেরাইনি একাদশে জায়গা হারাতে পারেন। রিকেলটনকে ওপরে খেলানো হবে, নাকি ব্যাটিং ক্রমে নিচে নামানো হবে, সে সিদ্ধান্ত এখনও নেয়নি দল।

কনরাড বলেন, 'রিকেলটন উইকেটরক্ষকের দায়িত্ব নেয়ায় কিছু সিদ্ধান্ত নিতে হবে। সে ব্যাটিং ক্রমে নিচে নামবে, নাকি আগে ওপেনিংয়ে খেলার মতোই ওপরে থাকবে, তা বিবেচনা করতে হবে।'

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় টনি ডি জর্জিকে এই সিরিজের দলে বিবেচনা করা হয়নি। এদিকে প্রথম টেস্টে না খেলা পেসার কাগিসো রাবাদা দ্বিতীয় ম্যাচে খেলার জন্য ফিট হয়ে উঠেছেন বলে আশা করছে দল।

সাউথ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, সিমন হারমার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও কাইল ভেরাইনি।

আরো পড়ুন: